জানা-অজানা

ফুটবলও
ছেলেবেলায় টেনিসের সঙ্গে আরও অনেক খেলাই খেলতেন। টেনিসের পর সবচেয়ে ভালো খেলতেন ফুটবল। ফুটবলে ফেদেরার সুইস ক্লাব এফসি বাসেল ও ইতালিয়ান ক্লাব এএস রোমার সমর্থক।

টেনিস-আদর্শ
স্টেফান এডবার্গ ও বরিস বেকারের খেলা দেখে বড় হয়েছেন ফেদেরার। উইম্বলডনের এই দুই কিংবদন্তিই ফেদেরারের টেনিস–আদর্শ। দুবার (২০১৪-১৫) কোচ হিসেবেও এডবার্গকে পেয়েছেন ফেদেরার।

ছুটির ঠিকানা
বরফে আচ্ছাদিত সুইস পাহাড়ে ঘুরে বেড়ানো পুরোনো অভ্যাস। ফাঁকা সময়ে কখনো-সখনো ফ্রান্সে গিয়ে প্রমোদতরিতেও সময় কাটান। তবে ছুটি কাটানোর জায়গা হিসেবে পছন্দ মালদ্বীপ ও দুবাই।

ডাকটিকিট
২০০৭ সালে সুইস সরকার ফেদেরারকে নিয়ে প্রকাশ করে ডাকটিকিট। কোনো জীবন্ত কিংবদন্তির নামে দেশটিতে ডাকটিকিট ছাপা হওয়ার এটাই প্রথম ঘটনা।

আরএফ সুগন্ধি
ক্রিস্টিয়ানো রোনালদো, মারিয়া শারাপোভার মতো বাজারে সুগন্ধি আছে রজার ফেদেরারের নামেও। নাম—‘আরএফ—রজার ফেদেরার’।

সতীর্থ থেকে...
২০০০ সালে সিডনি অলিম্পিকে খেলতে গিয়ে মিরকা ভাব্রিনেচের সঙ্গে সাক্ষাৎ ফেদেরারের। এরপর প্রেম, অতঃপর বিয়ে। ভাব্রিনেচও টেনিস খেলোয়াড় ছিলেন, সুইস টেনিস দলের হয়ে গিয়েছিলেন সিডনি অলিম্পিকে।

নিরামিষাশী
এখন ফেদেরার সবকিছুই খান। অথচ ১৬ বছর পর্যন্ত তিনি ছিলেন নিরামিষাশী!

‘ক্লোন পরিবার’
দুই দফায় যমজ সন্তানের বাবা হয়েছেন রজার ফেদেরার। এটাকে ফেদেরারদের বংশগত ব্যাপার ধরে নিতে পারেন। তাঁর বোন দিয়ানাও মা হয়েছেন যমজ সন্তানের!
নির্ভুল
২০০৭ ইউএস ওপেনে জন ইসনারের বিপক্ষে প্রথম ৯৮ পয়েন্ট জিতেছিলেন কোনো আনফোর্সড এরর না করেই। ম্যাচে জিতেছিলেন ১০৫ পয়েন্ট।
দ্বৈত নাগরিক
বিশ্ব টেনিসে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করলেও দক্ষিণ আফ্রিকারও নাগরিক রজার ফেদেরার। বাবা সুইস হলেও মা দক্ষিণ আফ্রিকান হওয়ার সুবাদে তাঁর দ্বৈত নাগরিকত্ব লাভ।