জিতেও অর্ধকোটি টাকা হারালেন বেলিস!

‘ছি ছি, এ আমি কী করলাম!’ এমনই আক্ষেপই হওয়ার কথা সিসি বেলিসের। একটু হিসাবের ভুল তাঁকে যে বঞ্চিত করল অর্ধকোটি টাকা থেকে। যুক্তরাষ্ট্রের মুদ্রায় যেটি ৬০ হাজার ডলারেরও বেশি। পরশু ইউএস ওপেনে সবাইকে চমকে দিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১২০৮তম খেলোয়াড় বেলিস হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের রানার-আপ, অষ্টম বাছাই ডমিনিকা চিবুলকোভাকে। প্রাইজমানি হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠায় কমপক্ষে ৬০ হাজার ৪২০ ডলার পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাচ্ছেন না কানাকড়িও। বেলিস যে টুর্নামেন্টটা খেলতে এসেছেন অপেশাদার হিসেবে। অপেশাদাররা প্রাইজমানি পান না।
মাত্র ১৫ বছর বয়সী এই মার্কিন টেনিস খেলোয়াড় ৬-১, ৪-৬, ৬-৪ গেমে চিবুলকোভাকে হারিয়ে বড় ধরনের অঘটনের জন্ম দিয়েছেন। ইউএস ওপেনে এত কম বয়সে ম্যাচ জেতার রেকর্ডটি কিন্তু আরেক সাড়া ফেলে দেওয়া খেলোয়াড়ের ছিল। ১৯৯৬ সালে জিতেছিলেন আনা কুর্নিকোভা। তবে ‘কুর্নিকোভা’ হওয়ার সাধ যে বেলিসের নেই, প্রথম সুযোগেই সেটা জানিয়ে দিয়েছেন। টেনিস নিয়ে তিনি ভীষণই সিরিয়াস। তার চেয়েও বেশি সিরিয়াস পড়াশোনা নিয়ে।
এ কারণেই এত তাড়াতাড়ি পেশাদার ক্যারিয়ার শুরুর ইচ্ছা নেই। আর তাই এতগুলো টাকা হাতছাড়া করেও বিন্দুমাত্র আক্ষেপও নেই তাঁর। বেলিস সেটাই বললেন, ‘কলেজেও পড়াশোনা করতে চাই বলে এখনো অপেশাদার হিসেবেই খেলতে চাইছি, যদি না এর মধ্যে চোট বা কোনো দুর্ঘটনা ঘটে যায়। তবে একদিন নিশ্চয়ই পেশাদার হব। আসলে প্রাইজমানি নিয়ে ভাবিইনি।’
নিজের অদ্ভুত নামটার রহস্যও জানালেন, ‘আমার নাম ক্যাথরিন, মাঝখানের নাম কার্টান। এই দুইয়ের অদ্যাক্ষর নিয়ে নামটা হয়ে বানিয়েছি সিসি।’
দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ কাজাখস্তানের জারিনা দিয়ানস। সূত্র: এএফপি।