জীবন বাঁচিয়েছে উইম্বলডন

উইম্বলডনকে কি কখনো ভুলতে পারেন মারিওন বারতোলি? পারেন না। ২০১৩ সালে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লাম জিতেছেন যেখানে, সেই উইম্বলডনকে কীভাবে ভোলেন! আর ভুলতে পারেননি বলেই নাকি আজও প্রাণে বেঁচে আছেন ফ্রান্সের সাবেক নারী টেনিস তারকা।
প্রাণঘাতী এইচ১এন১ ভাইরাস বা সোয়াইন ফ্লুতে ভুগে গত বছর প্রায় মরতে বসেছিলেন বারতোলি। বেশ ভালো স্বাস্থ্যের বারতোলি এতটাই ওজন হারিয়েছিলেন যে তাঁকে চেনাই যেত না। চার মাস কাটাতে হয়েছিল হাসপাতালে। ৩২ বছর বয়সী বারতোলি ব্রিটেনের দ্য টাইমসকে বলেছেন, কঠিন সময়টায় তাঁকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে ২০১৩ উইম্বলডন ফাইনালের ভিডিও ফুটেজ। সাবিনা লিসিকির বিপক্ষে খেলা সেই ম্যাচটি বারবার দেখেই তিনি মানসিকভাবে চাঙা হয়েছেন।
গত সপ্তাহে ইংল্যান্ডের ইস্টবোর্নে এক টেনিস টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে এসে বারতোলি টাইমসকে বলেছেন, ‘একটি গ্র্যান্ড স্লাম জয় গত বছর আমার জীবন বাঁচিয়েছে। টেনিস কোর্টে অনেক কিছুর সঙ্গেই আমার লড়তে হয়েছে, তবে গত বছর আমি যার মধ্য দিয়ে গেছি তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। ওটাই (উইম্বলডন জয়) আমাকে বাঁচিয়ে রেখেছে।’
গত বছর ভগ্নস্বাস্থ্য বারতোলির ছবি ছড়িয়ে পড়ে। তখন সবাই ধারণা হয়েছিল ক্ষুধামান্দ্যতে ভুগছেন ২০১৩ সালেই টেনিস থেকে অবসর নেওয়া ফরাসি তারকা। বারতোলির সেই সময়ের অভিজ্ঞতা, ‘লোকজন আমার পেছনে বলত “তাঁকে না খেয়ে থাকার রোগে ধরেছে”। আমার তখন চিৎকার করে বলতে ইচ্ছে হতো “তোমাদের কোনো ধারণাই নেই আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি।”’
দ্রুত ওজন কমলেও বারতোলি শুরুর দিকে ধরতেই পারেননি কী হয়েছে। অসুস্থতার সময় চুল পড়ে যেতে থাকে, আমিষজাতীয় কোনো খাবারই হজম করতে পারত না তাঁর পাকস্থলী। তাতে এতটাই ওজন কমে যায় যে বারতোলিকে ‘১৪ বছর বয়সী মেয়েদের’ জামাকাপড় কিনে পরতে হয়েছিল।
গত বছর বিশেষজ্ঞ হিসেবে উইম্বলডনে এসেছিলেন বারতোলি। সেখানে তাঁকে পেয়ে বসেছিল মৃত্যুভয়, ‘মনে হতো, এটাই আমার শেষ রাত। পরের দিন সকালে কি ঘুম ভাঙবে? কিন্তু এটাও ভাবতাম “যদি মরতেই হয়, উইম্বলডনে কেন নয়।”’
চার মাস পর হাসপাতাল থেকে ফিরেছেন বারতোলি। এরপর জিম-টিম করে নিজেকে প্রায় আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন। জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে ফেরা বারতোলি এখন ভালোবাসার গল্প লিখতে চান আর জমিয়ে করতে চান ঘরকন্না। এএফপি, মেইল অনলাইন।