জীবনের গল্পই যাঁর প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক সক
জ্যাক সক

‘সে বড় মাপের খেলোয়াড়। তার ফোরহ্যান্ড চমৎকার। সার্ভও খুব ভালো। ভয়ংকর এই আক্রমণাত্মক খেলোয়াড়।’
বক্তা রাফায়েল নাদাল। যাঁর সম্পর্কে বললেন, তিনি জ্যাক সক। বিশ্ব টেনিসে বিখ্যাত কেউ নন। পাঁচ বছর আগে সিনিয়র সার্কিটে পা রাখলেও এটিপি শিরোপা জিতেছেন মাত্র একটি। তাঁর সম্পর্কে নাদালের মুখ খোলার কারণ, আমেরিকান এই প্রতিযোগীই ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে সাবেক নাম্বার ওয়ানের প্রতিপক্ষ।
ফ্রেঞ্চ ওপেনে ওঠাটাই ২২ বছর বয়সী জ্যাক সকের সেরা গ্র্যান্ড স্লাম সাফল্য। প্রচারের আলোতেও এসেছেন এ জন্য। টেনিসগ্রেট পিট সাম্প্রাসের পর ২২ বছরের মধ্যে তিনিই ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠা আমেরিকার কনিষ্ঠতম প্রতিযোগী। কেউ কেউ এখনই তাঁর হাতে দেখতে শুরু করেছেন আমেরিকান টেনিসের সম্ভাবনার ঝান্ডা!
এ তো জ্যাকের বাইরের গল্প। তাঁর ভেতরেরও একটা গল্প আছে যেটি বড় করুণ। বড় ভাই এরিক অসুস্থ। হাসপাতালে শয্যাশায়ী। গলায় সংক্রমণজনিত প্রদাহ নিচে নামতে নামতে গিয়ে ঠেকেছে ফুসফুসে। অবস্থা এতটাই খারাপ ছিল যে, সপ্তাহ দুয়েকের জন্য এরিককে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যাকেন্দ্রে। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা এরিকের সেই দিনগুলোয় হাসপাতালে তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন সক। সেই দিনগুলোই এখন তাঁর সামনে চলার শক্তি। গত মার্চে ইন্ডিয়ানা ওয়েলস দিয়ে যখন শুরু করেন, তাঁর জুতোয় লেখা ছিল এরিকের নাম—‘তোমার জন্য, এরিক’! ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ক্রোট প্রতিযোগী বোরান করিচকে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর যখন সংবাদমাধ্যমের মুখোমুখি সক, উঠে এল অদূর অতীত, ‘হাসপাতালে ভাইয়ের শয্যাপাশে কাটানো দিনগুলো খুবই কঠিন ছিল, আমার জন্য, আমার পরিবারের জন্যও। এটা অনুপ্রেরণার চেয়েও বেশি কিছু। সে যে পরিস্থতির মধ্য দিয়ে গেছে সেটাই আমাকে কোর্টে লড়াইয়ের শক্তি দিয়েছে। আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমার জানা ছিল না।’
তবে প্যারিসে ‘তোমার জন্য, এরিক’ নয়, ‘ফর ইউ গ্র্যান্ডপা’ লেখা দেখা যাচ্ছে সকের জুতোয়। সকের দাদাও অসুস্থ। আলঝেইমারে ভুগছেন। শরীর ভেঙে গেছে তাঁর, ওজন কমে যাচ্ছে দিন দিন। অনুভূতি কাজ করছে না। তৃতীয় রাউন্ডে জয়ের পরপরই আটলান্টায় দাদার কাছে ফোন করেছিলেন, যাঁর দেখভাল করছেন চাচা এবং দাদিমা। তাঁরাই ফোনটা নিয়ে গিয়ে সকের দাদার কানে ধরেছিলেন। শুধু ফোনে বলে গেছেন সক, দাদা কিছু শুনতে পেয়েছেন কি না কে জানে!
সক কিন্তু জেনে গেছেন, ‘এটাই জীবনের অংশ। সবাইকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।’ বড় ভাই আর দাদার অসুস্থতা সককে মানসিকভাবে পরিণত করেছে। শিখিয়েছে টেনিস সার্কিটের হার-জিতের মধ্যেই জীবন সীমাবদ্ধ নয়! এএফপি।