জুয়েলের এক যুদ্ধজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল রানা
জুয়েল রানা

রমনা টেনিস কমপ্লেক্সে কাল একটা আনন্দঘন দিন কাটল বাংলাদেশের টেনিস কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের। অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিস সিরিজের বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে ঘরের ছেলে জুয়েল রানা। ফাইনালে সে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছে লাওসের ফাঠিকন কানিয়াফানকে। বালিকা এককের সেরা দক্ষিণ কোরিয়ার বোইয়ং জেং। এই মেয়েটি জিতেছে দ্বিমুকুট।

বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশের সাকিব ও সিঙ্গাপুরের তিমোথি লিম জুটি বাংলাদেশেরই ফরহাদ রৌদ্র ও সৈকত শাহরিয়ার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা দ্বৈতে সেরা কোরিয়ার রোইয়ং ও রাউ জুটি।

জুয়েলের চ্যাম্পিয়ন হওয়াটাই বেশি আলোচিত। ছেলেটির যখন কৈশোরের চপলতায় ঘুরে বেড়ানোর কথা, তখনই নামতে হয়েছে টেনিস র‍্যাকেট হাতে। কারণ, ১১ বছর আগেই সে বাবাহারা। দুই বোন আছে। সংসারটা সচ্ছল নয়। পৈতৃক বাড়ি চাঁদপুরে, এখন ঠিকানা গুলশানসংলগ্ন নতুন বাজার। সেখানেই জন্ম এবং পরিবারের একমাত্র ছেলে জুয়েল কিছুদিন আগে বলবয়ের চাকরি নেয় গুলশান ইয়ুথ ক্লাবে। সেখানে তার টেনিস আগ্রহ দেখে কয়েকজন শুভাকাঙ্ক্ষী রমনা টেনিস কমপ্লেক্সে নিয়ে আসেন।

আগে ক্রিকেট খেলত, হঠাৎই জীবনের মোড় ঘুরে সে এখন টেনিস খেলোয়াড়। এখানেও সে জিতল। জীবনের প্রথম বড় কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে ভারত, কোরিয়া, লাওসের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছে!

নাদাল-ভক্ত বাঁহাতি জুয়েলের স্বপ্নটা বেশ বড়, ‘পড়ালেখা করার ইচ্ছা আছে। তা ছাড়া, দেশের হয়ে বড় কিছু করতে চাই।’ কিন্তু বড় কিছু করতে হলে নিজেকে তো তৈরি করতে হবে! জুয়েল স্বগতোক্তির মতো বলে যায়, ‘কী আর করতে পারি আমি। ভালো খেলতে হলে ভালো সুযোগ–সুবিধা দরকার। সেটা তো পাই না।’ মনে হলো, আত্মবিশ্বাসী ছেলেটি সবার সহযোগিতা পেলে এগিয়ে যেতে পারবে।