জোকোভিচের অলিম্পিক-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার্স কাপ জয়ের পর নোভাক জোকোভিচ l এএফপি
রজার্স কাপ জয়ের পর নোভাক জোকোভিচ l এএফপি

৩০ ছুঁয়ে ফেললেন নোভাক জোকোভিচ। না, বয়স নয়। বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় এটিপি মাস্টার্সের ৩০তম শিরোপা জিতলেন পরশু। কানাডার টরন্টোয় রজার্স কাপের ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ২৯ বছর বয়সী জোকোভিচ। প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো জিতলেন রজার্স কাপ।
উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর জোকোভিচের এটাই প্রথম টুর্নামেন্ট। সার্বিয়ান টেনিস তারকার পরবর্তী গন্তব্য দক্ষিণে রিও ডি জেনিরো। অলিম্পিকে এখনো সোনা জিততে ব্যর্থ জোকোভিচ অপূর্ণতাটা কি ঘোচাতে পারবেন এবার?
১২টি গ্র্যান্ড স্লামের মালিক অবশ্য সোনা জেতার কথা মুখে আনছেন না। অলিম্পিকে অংশ নিতে পারাটাই তাঁর কাছে বড়, ‘এটা খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতা। এর অংশ হতে পারাটাই তো ভাগ্য ও সম্মানের বিষয়। আমি বেইজিং ও লন্ডনে ছিলাম। এবার অংশ নেব একক ও দ্বৈতে। আশা করছি, অন্তত একটা পদক পাব।’
জোকোভিচ দুবার অলিম্পিকে অংশ নিয়ে জিতেছেন একটি ব্রোঞ্জ। ২০০৮ সালে বেইজিংয়ে এককে ব্রোঞ্জজয়ী জোকোভিচ চার বছর পর লন্ডনে ব্রোঞ্জের লড়াইয়ে হেরে যান আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে। এএফপি, রয়টার্স।