জোকোভিচের দুর্দান্ত প্রত্যাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই সেটেই হার। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নোভাক জোকোভিচের। কিন্তু ঘুরে দাঁড়িয়ে চতুর্থ রাউন্ডের ম্যাচটা জিতে উইম্বলডনের শেষ আটে উঠে গেলেন টেনিসের এক নম্বর তারকা। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে জোকোভিচ জিতেছেন ৬-৭ (৬/৮), ৬-৭ (৬/৮), ৬-১, ৬-৪, ৭-৫ গেমে। জোকোভিচ তৃতীয় ও চতুর্থ সেটটা জিতে ২-২-এ সমতা আনতেই পরশু আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। কাল আবার পঞ্চম সেট শুরু হতে দেরি হয় বৃষ্টির কারণে। আজ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ মুখোমুখি মারিন চিলিচের।
এদিকে মহিলা বিভাগে সেমিফাইনালেই দেখা হয়ে যাচ্ছে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার। কাল শেষ আটের নিজ নিজ খেলায় সেরেনা ভিক্টোরিয়া আজরেঙ্কাকে এবং শারাপোভা কোকো ভ্যানড্যাওয়েকে হারিয়েছেন। অন্য সেমিতে আগ্নিয়েস্কা রাদভানস্কার মুখোমুখি গার্বিন মুগুরুজা। এএফপি।