জোকোভিচের দৃষ্টি আরও দূরে

রজার ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরোপা ১৭টি। রাফায়েল নাদালের ১৪টি। মিলিতভাবে ৩১টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার-নাদাল যা করতে পারেননি, সেটাই করে দেখালেন নোভাক জোকোভিচ—পর পর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয়!
টেনিসের রেকর্ড বইয়ে এটি খুব একটা উল্লেখযোগ্য অর্জন নয়। কিন্তু এটিই সার্বিয়ান তারকার সামনে খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। কাছাকাছি গত পাঁচ দশকে টেনিসে যা কেউ করতে পারেননি, সেটি অর্জনেরই হাতছানি জোকোভিচের সামনে। পুরুষ টেনিসে একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম বা ‘ক্যালেন্ডার স্লাম’ জয়ের সর্বশেষ কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার রড লেভার, ১৯৬৯ সালে। ৪৭ বছর পর সেই কীর্তি ছুঁয়ে ফেলার সম্ভাবনায় এখন রোমাঞ্চিত জোকোভিচ, ‘একজন টেনিস খেলোয়াড় হিসেবে এটি বড় একটি চ্যালেঞ্জ। আমি খুব গর্বিত। আমি খুব রোমাঞ্চিত।’
শুধু কি ক্যালেন্ডার স্লাম? এর চেয়েও বড় অর্জনের হাতছানি জোকোভিচের সামনে। আর সেটি ‘গোল্ডেন স্লাম’ বা বছরের চারটি গ্র্যান্ড স্লামের সঙ্গে অলিম্পিকের সোনা। টেনিসের ইতিহাসে যে কীর্তি আছে শুধু একজনেরই—স্টেফি গ্রাফ। জার্মান এই টেনিস গ্রেট ১৯৮৮ সালে চারটি গ্র্যান্ড স্লামের পাশাপাশি জিতে নিয়েছিলেন সিউল অলিম্পিকের সোনা। জোকোভিচ ভাবছেন স্টেফির ওই কীর্তিও ছুঁয়ে ফেলতে পারবেন, ‘আমার কথাটা ঔদ্ধত্যের মতো শোনাক, এটা চাই না। কিন্তু আমার বিশ্বাস, জীবনে সবকিছুই অর্জন সম্ভব।’
আসলেই সম্ভব। এই সময়ের টেনিসে যাঁরা তাঁর মূল প্রতিদ্বন্দ্বী, তাঁদের একজন নাদাল লড়ছেন চোটের সঙ্গে। আগের সেই ফর্মও তাঁর নেই। পিঠের চোট নিয়ে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানো রজার ফেদেরার চার বছর গ্র্যান্ড স্লাম ট্রফি শূন্য। আর মারে? ব্রিটিশ এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে গ্র্যান্ড স্লামের ফাইনাল জয়ের রেকর্ড (৫-২) রেকর্ড মনস্তাত্ত্বিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে জোকোভিচকে। টেনিসের ‘বিগ ফোরের’ এই তিন তারকাকেই মুখোমুখি লড়াইয়ে পেছনে ফেলেছেন। ২৩-২২, ২৬-২৩ ও ২৪-১০ এই হলো ফেদেরার, নাদাল ও মারের বিপক্ষে তাঁর জয়-হারের পরিসংখ্যান।
আজকে নিজের এ অবস্থানের পেছনে ফেদেরার-নাদালের কাছেও একভাবে ঋণ স্বীকার করেন জোকোভিচ, ‘মারে আর আমার যখন টেনিসে শুরু, তখন খেলাটিতে একচ্ছত্র আধিপত্য ফেদেরার-নাদালের। তাঁদের সময়ে টেনিসে এসে পড়ায় শুরুতে খুশি হতে পারিনি আমি। আমার সৌভাগ্য, আমি বাস্তবতা মেনে নিয়েছিলাম এবং বুঝে গিয়েছিলাম, এই দুই টেনিস-মহিরুহের সঙ্গে লড়াইয়ের জন্য আমাকে আরও শক্তিশালী হতে হবে। তারপর থেকেই সবকিছু ভালোর দিকে এগিয়েছে।’
এই জোকোভিচকে কি কেউ লক্ষ্যচ্যুত করতে পারে? তাঁর ফ্রেঞ্চ ওপেন জয় থেকেই উত্তরটা হয়তো খুঁজে নেওয়া যায়। এর আগে ১১ বছর খেলেছেন ক্লে কোর্টের গ্র্যান্ড স্লামে। তিনবার ফাইনালেও উঠেছেন। বারবার শিরোপা জিততে ব্যর্থ হলেও হতোদ্যম হননি জোকোভিচ। ১২ বারের চেষ্টায় অবশেষে সফল। ইতিহাসের অষ্টম খেলোয়াড় হিসেবে পূর্ণ করলেন ‘ক্যারিয়ার স্লাম’।
এখন চোখ রাখছেন আরও দূরে। সেটাই তো হওয়া উচিত! রয়টার্স।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম
১৭ রজার ফেদেরার
সুইজারল্যান্ড
১৪ রাফায়েল নাদাল
স্পেন
১৪ পিট সাম্প্রাস
যুক্তরাষ্ট্র
১২ নোভাক জোকোভিচ
সার্বিয়া
১২ রয় এমারসন
অস্ট্রেলিয়া
১১ বিয়ন বোর্গ
সুইডেন
১১ রড লেভার
অস্ট্রেলিয়া