জোকোভিচের সেরা ফাইনাল

নোভাক জোকোভিচ টেনিসটা ভালো খেলেন, তথ্যটা সবারই জানা। কিন্তু কতটা ভালো? উত্তর জানতে প্রশ্ন করুন টমাস বার্ডিচকে। এবারের চায়না ওপেনের ফাইনালে যিনি টের পেয়েছেন, জোকোভিচ কতটা ভয়ংকর। গত রোববারের ফাইনালটা মাত্র ৬৬ মিনিটেই ৬-০, ৬-২ গেমে জিতে নিয়েছেন জোকোভিচ। এমনই দুর্দান্ত খেলেছেন যে, ম্যাচের পর সার্বিয়ান তারকা এটিকেই তাঁর খেলা সেরা ফাইনাল বলে রায় দিয়ে ফেললেন।
বেইজিংয়ে এখনো কোনো ম্যাচ (২৪) না হারা জোকোভিচ ৬-০ গেমে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটেও করে ফেললেন ৫-০। জোকোভিচেরই সার্ভিস, বার্ডিচের জন্য ‘ডাবল ব্যাগেল’-এর লজ্জা তখন অবধারিত বলেই মনে হচ্ছিল। অসহায় বার্ডিচ মজা করে এক বল গার্লকে র্যাকেট সাধলেন, যেন বলতে চাইলেন—তুমি খেললেও আমার চেয়ে ভালো করবে। তবে শেষ পর্যন্ত ৬-০, ৬-০ হারতে হয়নি বার্ডিচকে। জোকোভিচের সার্ভিস ব্রেক করার পর নিজের সার্ভিস গেমও জিতে স্কোরটাকে ‘সম্মানজনক’ ৫-২ বানাতে সক্ষম হলেন। ওই পর্যন্তই! ম্যাচশেষে কথা বলার সময়ও যেন বার্ডিচ হতচকিত, ‘ক্যারিয়ারে আমি সম্ভবত ৬০০-এর বেশি ম্যাচ খেলেছি। আন্দ্রে (আগাসি) ও রজারের (ফেদেরার) মুখোমুখি হয়েছি তাঁদের সেরা সময়ে। কিন্তু এই অভিজ্ঞতা আমার কখনোই হয়নি।’
এত এত ফাইনাল খেলেছেন, সব ছাপিয়ে এটিকেই সবার ওপরে রাখছেন জোকোভিচ, ‘সম্ভবত এটি আমার খেলা সব ফাইনালের সেরা ফাইনাল। এটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য। এক ঘণ্টার মধ্যে ৬-০, ৫-০! যা করতে চেয়েছি, সেটাই হয়েছে। সবচেয়ে কম যা বলতে পারি, আজকের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত।’ এএফপি।