জোকোভিচের স্বপ্নের বছর

টানা ১৫টি ফাইনাল, ১১টি শিরোপা, ৮৮ ম্যাচের ৮০টিতেই জয়। একটা বছর নোভাক জোকোভিচের কাছে এর চেয়ে আর কতটা ভালো যেতে পারত! ‘পারত না’—পরশু ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে ফেদেরারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দেওয়ার পর পর খোদ সার্বিয়ান তারকাই জানিয়ে দিলেন, ‘এই মৌসুমে যা পেয়েছি, তার জন্য অবশ্যই গর্বিত। মৌসুমের শেষটা এর চেয়ে ভালো কিছু হওয়ার ছিল না। এটা ছিল লম্বা একটা মৌসুম কিন্তু আমার জীবনের সেরা।’
পরশুর জয় জোকোভিচের জন্য একটা স্বপ্নপূরণও। টানা তিন বছর ধরে ওয়ার্ল্ড ট্যুরস ফাইনালস জিতে আসছেন। এবারও জিততে চেয়েছিলেন। এই প্রত্যাশার মধ্যে ছিল রেকর্ডের হাতছানিও। ইতিহাসে কোনো খেলোয়াড়ই যে টানা চারবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জিততে পারেননি! বছরজুড়ে দুর্দান্ত খেলা জোকোভিচ জিতলেন। নিপুণ শিল্পীর মতো সাফল্যে মোড়ানো বছরের শেষটায় দিলেন তুলির শেষ ছোঁয়া।
গ্রুপ পর্বে এই ফেদেরারের কাছেই হেরে গিয়েছিলেন। কিন্তু এদিন কোর্টে যেন অন্য জোকোভিচ। ফাইনালের আলোঝলমল পারফরম্যান্সের পর বললেন, ‘গ্রুপ পর্বের ম্যাচটিতে সে ছিল সেরা খেলোয়াড়। কিন্তু এদিনের খেলায় আমাকে কিছু পরিবর্তন আনতে হয়েছে। আমি সেটি করেছি। বেশি রিটার্ন শট খেলেছি। সব মিলিয়ে এটাকে দারুণ পারফরম্যান্সই বলব।’ এই জয়ে মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের সঙ্গে সমতায় (২২-২২) এলেন জোকোভিচ। কাকতালীয় যে সেমিফাইনাল জিতেই নাদালের সঙ্গেও এসেছেন সমতায় (২৩-২৩)!
একটি বাদে এ বছর খেলা সব টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ইউএস ওপেনের পাশাপাশি জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, মন্টে কার্লো, রোম, সাংহাই ও প্যারিস ১০০ মাস্টার্স সিরিজ। এবার একটু ক্ষান্ত দেওয়ার পালা! জয়ের পর তাঁর চেয়ারের কাছে ফিরে গেলেন। কাছাকাছি থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরার লেন্সে লিখে দিলেন, ‘এবং এখন ছুটির সময়’। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জানিয়েও দিলেন, ‘স্ত্রী ও ছেলেকে নিয়ে দুই সপ্তাহ ছুটি কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। নিজেকে সতেজ রাখতেই টেনিস থেকে দূরে চাই আমি। এরপর ভাবব পরের মৌসুম নিয়ে।’
তবে পরের মৌসুম নিয়ে না বলে থাকতে পারেননি জোকোভিচ। ২০১৫ মৌসুমের সাফল্যের রেশ ধরে রেখে আগামী বছর রোঁলা গাঁরোয় প্রথমবারের মতো জিততে চান ফ্রেঞ্চ ওপেন, আর রিও ডি জেনিরো থেকে জিততে চান অলিম্পিকের সোনা। এএফপি, রয়টার্স, টেনিসডটকম।
>

রেকর্ডময় ২০১৫
* ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপার (অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন) পাশাপাশি জিতেছেন ৬টি মাস্টার্স ১০০০ (ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, মন্টে কার্লো, রোম, সাংহাই ও প্যারিস) সিরিজ।
* খেলেছেন ৯টি মাস্টার্স সিরিজের ৮টিরই ফাইনাল, এটিও এটিপির নতুন রেকর্ড।
* ইন্ডিয়ানা ওয়েলস এবং মায়ামি মাস্টার্স তিনবার করে জেতা প্রথম খেলোয়াড় জোকোভিচ।
* ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালটি ধরে এ বছর টানা ১৫টি ফাইনাল খেললেন, এটিও নতুন রেকর্ড।
* প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জয়।
* প্রাইজমানি থেকে এ বছরে আয় ১ কোটি ৮৭ লাখ ৬৭ হাজর মার্কিন ডলার, যা এক বছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড।