জোকোভিচের স্মরণীয় ২০১৫
ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসটাই শুধু বাকি। ১৫ নভেম্বর লন্ডনে শুরু হতে যাওয়া সেই টুর্নামেন্টে কী করবেন নোভাক জোকোভিচ সেটি পরের কথা, তবে বছরের শেষ টুর্নামেন্টের আগে দুর্দান্ত একটা মৌসুমই কাটালেন সার্বিয়ান তারকা। টেনিস সার্কিটে আধিপত্যের ধারাবাহিকতা ধরে রেখে পরশু জিতলেন প্যারিস মাস্টার্সও। ফাইনালে ৬-২, ৬-৪ গেমে অ্যান্ডি মারের বিপক্ষে জয়ে চলতি বছরের সাফল্য নিয়ে ইতিহাসেই ঢুকে গেলেন টেনিসের এক নম্বর তারকা। অন্যদের ছাপিয়ে উঠে গেলেন নতুন উচ্চতায়—
*প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপার পাশাপাশি জিতলেন ৬টি মাস্টার্স ১০০০ সিরিজ।
*প্রথম খেলোয়াড় হিসেবে খেললেন ৯টি মাস্টার্স সিরিজের ৮টিরই ফাইনাল।
*প্রথম খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে খেললেন টানা ১৪টি ফাইনাল।
*প্রথম পুরুষ প্রতিযোগী হিসেবে এক মৌসুমে আয় করলেন ১ কোটি ৬০ লাখ ডলারের বেশি প্রাইজমানি।
এর চেয়ে একটা মৌসুম আর কী ভালো হতে পারত জোকোভিচের! তাঁর এই ধারাবাহিক সাফল্যের রহস্যই বা কী? বিয়ে, স্ত্রী-সন্তান, সংসারের কথা কারণ হিসেবে আগেও বলেছেন জোকোভিচ। প্যারিস মাস্টার্স জয়ের পর শারীরিক-মানসিক সুস্থিরতা এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষার পাশাপাশি টেনে আনলেন বিবাহিত সুখী জীবনকেও, ‘আমি বিবাহিত, আমি পিতাও। ব্যক্তিগত জীবনে ভারসাম্য এবং প্রশান্তির ছাপ আমার পেশাদার জীবনে পড়েছে বলেই মনে করি আমি।’ এএফপি।