জোকোভিচের 'ইউএস' জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেন ফাইনালের পর দুই তারকা। ছবি: এএফপি
ইউএস ওপেন ফাইনালের পর দুই তারকা। ছবি: এএফপি

আরেকটি ফাইনাল, আবারও রেকর্ডের হাতছানি। কিন্তু পারলেন না রজার ফেদেরার। ইউএস ওপেনের শিরোপাটি জিতলে ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়তেন এর আগে ১৭ বার এর স্বাদ নেওয়া এই সুইস তারকা। কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরেছেন তিনি। বলা ভালো, ফেদেরারকে শূন্য হাতে ফিরিয়েছেন নোভাক জোকোভিচ। ১৭ বার গ্র্যান্ড স্লাম জিতলেও এনিয়ে টানা ১৩টি গ্র্যান্ড স্লাম থেকে খালি হাতে ফিরতে হলো ফেদেরারকে।
দুর্দান্ত ফর্ম নিয়েই ফাইনাল খেলতে নেমেছিলেন ফেদেরার। ফাইনালের আগে পুরো প্রতিযোগিতায় একটি সেটও হারেননি তিনি। উইম্বলডনের ফাইনালের পর থেকেই ছিলেন অপরাজিত। ইউএস ওপেনের প্রস্তুতিতে সিনসিনাটি ওপেনের ফাইনালে এই জোকোভিচকেই হারিয়ে জিতেছিলেন শিরোপা। সব মিলিয়ে এই সুইসকেই ইউএস ওপেন ফাইনালের ফেবারিট বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ অবধি পরাজিতের দলেই তিনি।
ফেদেরার ফর্মে ছিলেন, কিন্তু জোকোভিচ যে ছিলেন জীবনের সেরা ফর্মে, সেটাই বোধ হয় ভুলে গিয়েছিলেন অনেকেই। বছরের চতুর্থ গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছে জোকোভিচ চেয়েছিলেন অর্জনটা উদযাপনের। ইউএস ওপেনের শিরোপা জিতেই নিজের অর্জন উদযাপন করলেন এই সার্ব তারকা। ফেদেরারকে হারালেন অনায়াসেই—৬-৪,৫-৭, ৬-৪,৬-৪ গেমে। তবে ফাইনাল জিতেও মনের মধ্যে একটু খচখচানি থাকছেই ‘জোকারে’র। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালটা যদি জিততে পারতেন! তাহলে তো ‘ক্যালেন্ডার স্লাম’ জয়ের অনন্য কীর্তির অধিকারী হতেন তিনি!
আপাতত বছরে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেই খুশি জোকোভিচ, ‘এ রকম একটা কীর্তি দ্বিতীয়বারের মতো করে দেখানো বেশ কষ্টকর। ২০১১ এর সঙ্গে বর্তমান আমার অনেক তফাৎ। আগের তুলনায় আমি এখন অনেক পরিণত।’
এ নিয়ে দশম গ্র্যান্ড স্লাম জিতলেন জোকোভিচ। সর্বকালের সেরা শিরোপাজয়ীদের তালিকায় তাঁর স্থান সপ্তম। এ তালিকায় সবার ওপরে রজার ফেদেরারই। ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের পরেই আছেন ১৪টি জেতা পিট সাম্প্রাস ও রাফায়েল নাদাল। রয় এমারসন জিতেছেন ১২ টি। ১১টি শিরোপা আছে রড লেভার ও বিয়ন বোর্গের দখলে। সূত্র: এএফপি।