
কেবলই দেনিস ইস্তোমিনের কাছে হেরে গেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় বিশ্বের দুই নম্বর তারকার। একটি প্রশ্ন ছুটে গেল নোভাক জোকোভিচের দিকে—কী নিয়ে ফিরছেন? সার্বিয়ান তারকার উত্তর ছিল, ‘ব্যাগ নিয়ে বাড়ি যাব।’ কৌতুকপ্রিয় জোকোভিচ কী মনে করে এমন উত্তর দিয়েছেন, তা তিনিই জানেন। তবে অনেকের মনেই একটা প্রশ্ন উঠেছে—টেনিসে জোকোভিচ-রাজের কি শেষ?
কখনো স্বরূপে, কখনো নিজেকে হারিয়ে খোঁজা—জোকোভিচের এমন চলছে গত উইম্বলডন থেকে। যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির কাছে হেরে উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েন। জুলাইয়ের শেষ দিকে আবার একটি সেটও না হেরে জেতেন রজার্স কাপ। পরের মাসেই অলিম্পিকে অচেনা জোকোভিচ। আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায়। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের ফাইনালে হেরেছেন স্তান ভাভরিঙ্কার কাছে। সাংহাই আর প্যারিসেও দেখেননি সফলতার মুখ। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারান অ্যান্ডি মারের কাছে।
এ বছরের জানুয়ারিতেই আবার জিতেছেন দোহা ওপেন। তবে সেই আলো ম্লান হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেনে এসে। কেউ যদি জোকোভিচের শেষের শুরু দেখে ফেলেন তাতে দোষ কী! কিন্তু টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসির ভাবনাটা অন্য রকম। ২৯ বছর বয়সী জোকোভিচের শেষ এখানেই দেখছেন না যুক্তরাষ্ট্রের সাবেক তারকা, ‘নোভাকের খেলা আর সামর্থ্য নিয়ে আমার কীই-বা আর বলার আছে! তার ঘুরে দাঁড়াতে না পারার কোনো কারণ দেখি না আমি।’
সব খেলাতেই যেকোনো খেলোয়াড়ের বাজে সময় আসতে পারে বলে মানেন আগাসি। জোকোভিচের সময়টা অতটা বাজে নয় বলেও মনে করেন তিনি। নিজের ক্যারিয়ারই তো আগাসির কাছে বড় উদাহরণ, ‘আমায় যেভাবে শিখতে হয়েছে জোকোভিচের তত কঠিন শিক্ষা পেতে হবে না। তার এখনো সময় আছে আর সে অসাধারণ এক অ্যাথলেট।’
চোটে ভুগিয়েছে, বিয়ে নিয়ে সমস্যায় পড়েছেন। আগাসি পরে ফাঁস করেছেন, ড্রাগ-সমস্যা থেকে ক্যারিয়ারের পুনর্জীবনই ঘটাতে হয়েছে তাঁকে। ক্যারিয়ারের প্রায় শেষই দেখে ফেলেছিলেন। কিন্তু ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়ে পেয়েছেন সাফল্যও। ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়েই বরং বেশি অর্জন আগাসির। ক্যারিয়ারের আটটি গ্র্যান্ড স্ল্যামের পাঁচটিই জিতেছেন নিজেকে ফিরে পাওয়ার পর। ১২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ ঘুরে দাঁড়াতে পারবেন না কেন?