নোভাক জোকোভিচকে কেউ উদ্ধত বলতে পারবেন না। বরং নানা কাণ্ডকারখানা করে দর্শকদের হাসান বলে নাম হয়ে গেছে ‘জোকার’। পরশু সেই জোকোভিচই কিনা অখেলোয়াড়সুলভ একটা আচরণ করে বসলেন। ম্যাচ শেষে টিভি ক্যামেরায় জয়ী খেলোয়াড়ের সই করার একটা অলিখিত রীতি আছে টেনিসে। বিশ্বের এক নম্বর খেলোয়াড় লন্ডনের এটিপি মাস্টার্সের সেমিফাইনালে সই না করে শুধু একটা ফোঁটা দিয়েই কাজ সারলেন। পরে নিজেই জানিয়েছেন, দর্শকদের ওপর রাগ করেই এটা করেছিলেন। দ্বিতীয় সেটে নিশিকোরি জোকোভিচের সার্ভিস ব্রেক করার পর দর্শকেরা হর্ষধ্বনি তুলেছিল। জোকোভিচ তখন র্যাকেটে তালি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ব্যাপারটা তাঁর পছন্দ হয়নি। পরে নিজেই অভিযোগ করেছেন, দর্শকদের মধ্যে কেউ আপত্তিকর কথা বলে উসকানি দিয়ে যাচ্ছিল তাঁকে। এমনিতে এসব কমবেশি সবাইকেই সইতে হয়, কিন্তু জোকোভিচ ভয় পাচ্ছিলেন পাছে মনোযোগ না হারিয়ে বসেন। এএফপি।