জোকোভিচ আর সেরেনার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৫। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। শুরুটা টেনিস দিয়েই হোক না...

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

আগের বছর গ্র্যান্ড স্লাম ভাগাভাগি হয়েছিল পিৎজার টুকরোর মতো। ছেলে আর মেয়েদের আটটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন আটজন আলাদা খেলোয়াড়! এবার সেটা হতে দেননি নোভাক জোকোভিচ আর সেরেনা উইলিয়ামস। ছেলেদের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে শুধু ফ্রেঞ্চ ওপেন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে দিয়ে বাকি তিনটিই নিয়েছেন জোকোভিচ। ইউএস ওপেনের সেমিফাইনালে রবার্তা ভিঞ্চির কাছে সেই অবিশ্বাস্য হারের আগেই অন্য তিনটি গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছিলেন সেরেনাও। কোনো সন্দেহ ছাড়াই তাই টেনিসের এ বছরটা জোকোভিচের, এ বছর সেরেনারও।
ব্যক্তিগত এই অর্জনের ভিড়ে ৭৯ বছর পর গ্রেট ব্রিটেনকে ডেভিস কাপ জিতিয়ে ইতিহাস গড়েছেন অ্যান্ডি মারে। আন্দ্রে আগাসি ও রাফায়েল নাদালের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে উইম্বলডন, অলিম্পিক একক ও ডেভিস কাপ জিতলেন মারে।
ফ্রেঞ্চ ওপেনে ভাভরিঙ্কার কাছে হারলেও এ বছর ৮২ জয়ের বিপরীতে জোকোভিচের হার মাত্র ৬টি। সব মিলিয়ে ১১টি শিরোপা, র্যাঙ্কিংয়ে রেকর্ড পয়েন্ট, প্রাইজমানি প্রায় ২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এই হচ্ছে ২০১৫ সালে নোভাক জোকোভিচের অর্জন। বছর শেষে তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ছেলেদের টেনিসের ইতিহাসে অন্যতম সেরা একটি মৌসুমই কাটালেন কি না জোকোভিচ? জোকোভিচ নিজে সেই তুলনায় যাননি। তবে তাঁর ক্যারিয়ারের সেরা বছর যে এটাই, সেটি বলেছেন অকপটে। জোকোভিচের আগে উন্মুক্ত যুগে এক বছরে চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনাল খেলেছেন মাত্র দুজন। ১৯৬৯ সালে প্রথম এই কীর্তি রড লেভারের। একাধিকবার তা করেছেন শুধু ফেদেরার—২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে।

নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

৩৪ পেরোনো ফেদেরারের ১৮তম গ্র্যান্ড স্লামের জন্য প্রায় দীর্ঘ অপেক্ষা ফুরায়নি এ বছরও। উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে খেলেছেন, দুটিতেই হেরেছেন জোকোভিচের কাছে। ২০১২ সালে ১৭তম গ্র্যান্ড স্লাম জেতার পর এ নিয়ে টানা ১৩টি গ্র্যান্ড স্লাম থেকে খালি হাতে ফিরতে হলো ফেদেরারকে।
সেপ্টেম্বরে ফ্লাশিং মিডোতে ইতালির রবার্তা ভিঞ্চির বিপক্ষে সেমিফাইনালে নামার আগে সেরেনাকে হাতছানি দিচ্ছিল ক্যালেন্ডার স্লামের বিরল অর্জন। ছিল উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি, স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগও। কিন্তু যে কোর্টে ২০১১ সালের পর থেকে সেরেনা হারেননি, সেখানেই তাঁর বিপক্ষে ২-৬, ৬-৪, ৬-৪ গেমের এক অতিমানবীয় জয়ে রূপকথা লিখলেন রবার্তা ভিঞ্চি। পরে অবশ্য ফাইনালে স্বদেশি ফ্লাভিয়া পেনেত্তার কাছে হেরে যান তিনিও। ইউএস ওপেনের সেই হার সেরেনার জন্য এত বড় ধাক্কা হয়ে এসেছিল যে বছরের বাকি তিনটি মাস তিনি আর কোনো টুর্নামেন্টেই অংশ নেননি! তারপরও এ বছর ৫৩ জয়ের বিপরীতে সেরেনার হার মাত্র ৩টি, জিতেছেন প্রায় ১ কোটি ৫ লাখ ইউএস ডলার। ১৯৯০ সালে স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো খেলোয়াড় টানা দুই বছর মেয়েদের শীর্ষস্থানটাও ধরে রাখলেন।
তবে এ বছর টেনিসে সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল সম্ভবত নিউইয়র্কের বিলি জিন কিং ন্যাশনাল সেন্টারে ট্রফিটা হাতে নিয়ে ৩৩ বছর বয়সী পেনেত্তার অবসরের ঘোষণা। উন্মুক্ত যুগে নারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে প্রথম গ্র্যান্ড স্লামজয়ী পেনেত্তার সেই ঘোষণা আবেগাপ্লুত করেছে অনেক টেনিসপ্রেমীকেই।
এক নজরে বছরের চার গ্র্যান্ড স্লাম
                   পুরুষ                      নারী
অস্ট্রেলিয়ান ওপেন নোভাক জোকোভিচ সেরেনা উইলিয়ামস
ফ্রেঞ্চ ওপেন স্তানিসলাস ভাভরিঙ্কা সেরেনা উইলিয়ামস
উইম্বলডন নোভাক জোকোভিচ সেরেনা উইলিয়ামস
ইউএস ওপেন নোভাক জোকোভিচ ফ্লাভিয়া পেনেত্তা