জোকোভিচ-বেকারের বিচ্ছেদ
দুজন জুটি বেঁধেছিলেন ২০১৩ সালের ডিসেম্বরে। জুটি মানে বরিস বেকার গুরু আর তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন নোভাক জোকোভিচ। কোচ হিসেবে বেকারের মতো এক কিংবদন্তিকে পেয়ে দারুণভাবে জ্বলে ওঠেন জোকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকার ১২টি গ্র্যান্ড স্লামের শেষ ৬টিই এসেছে বেকারের তত্ত্বাবধানে। দুবার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০১৫, ২০১৬) ও উইম্বলডন (২০১৪, ২০১৫), একবার করে ফ্রেঞ্চ (২০১৬) ও যুক্তরাষ্ট্র ওপেন (২০১৬)। অবশেষে থামল দুর্দান্ত এই জুটির পথচলা। প্রায় তিন বছর পর বেকারকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন জোকোভিচ।
কাল ফেসবুকে জোকোভিচ নিজেই দিয়েছেন খবরটা, ‘একসঙ্গে তিনটি সফল বছর কাটানোর পর আমি ও বরিস আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা এরই মধ্যে অর্জন করা সম্ভব হয়েছে। আমি বরিসের সহযোগিতা, টিমওয়ার্ক, নিবেদন ও কমিটমেন্টের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাতে চাই।’ পরে টুইটারে জোকোভিচের সঙ্গে নিজের একটা ছবি দিয়ে বেকারও লিখেছেন, ‘ধন্যবাদ! আমরা আমাদের জীবনের অসাধারণ সময়টা কাটিয়েছি একসঙ্গে।’ এএফপি।
গত মাসে ব্রিটেনের অ্যান্ডি মারের কাছে র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারান জোকোভিচ।