জোকোভিচের টানা আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

পারলেন না অ্যান্ডি মারে। হাসি মুখে ম্যাচ শুরু করে কোর্ট ছেড়েছেন বিষণ্ন মুখে। তবে পরশুর কোয়ার্টার ফাইনাল নোভাক জোকোভিচের কাছে হারলেও ২৭ বছর বয়সী স্কটিশ ঠিকই মনে করিয়ে দিলেন ২০১২ সালে এই ফ্ল্যাশিং মিডোয় তিনিই ছিলেন চ্যাম্পিয়ন!
সেদিনের ফাইনালে কোর্টের অন্য প্রান্তে ছিলেন জোকোভিচ। এদিনও প্রতিপক্ষ ছিলেন শীর্ষ বাছাই সার্বিয়ান। দুই বছর আগে দুজনের লড়াইটি হয়েছিল ৫০ গেমের। পরশু ম্যাচের সমাপ্তি হলো ৪৪ গেমে। সেবার দুজনের ম্যাচটির ব্যাপ্তি ছিল রেকর্ড ৪ ঘণ্টা ৫৪ মিনিট। কাকতালীয় যে, পরশুও ম্যাচটি নিল একই সময়। খালি বিজিত এবং বিজয়ীর নামটা উল্টে গেছে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেট হারলেও মারে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ মানসিকতায় জিতে নেন দ্বিতীয় সেট। কিন্তু শেষ পর্যন্ত চার সেটের কোয়ার্টার ফাইনাল লড়াইটি হেরেছেন ৭-৬ (৭/১), ৬-৭ (১/৭), ৬-২, ৬-৪ গেমে। প্রথম দুই সেটের সঙ্গে শেষের দুই সেটকে মেলাতে ব্যর্থ স্কোরলাইন। এর একটা কারণ, মারের পিঠের পুরোনো চোট। কোয়ার্টার ফাইনালের পথে আগের চার ম্যাচে যে সময় কোর্টে খেলতে হয়েছে জোকোভিচকে, মারে খেলেছেন তাঁর চেয়ে সাড়ে তিন ঘণ্টা বেশি। যার ধকল পোহাতে হয়েছে মারেকে, পিঠ নিয়ে ছিলেন অস্বস্তিতে। ম্যাচে ‘আনফোর্সড এরর’ও তাই করেছেন প্রচুর। জোকোভিচের আনফোর্সড এরর যেখানে ৪৮টি, সেখানে মারে করেছেন ৬৫টি!
এই নিয়ে টানা আটবার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন জোকোভিচ। ম্যাচ শেষে বললেন, মারেকে থামাতে সেরা খেলাটাই খেলতে হয়েছে তাঁকে, ‘জানতাম, ম্যাচে সে (মারে) তার সেরাটাই ঢেলে দেবে। এও জানতাম কোর্টে বেশি আগ্রাসী থাকবে যে সেই ম্যাচ জিতবে। আমি আরেকটি সেমিফাইনালে উঠতে পেরে খুব খুশি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি। ১৯১৮ সালে ইচিয়া কুমাগায়ের পর প্রথম জাপানি হিসেবে পরশু ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন নিশিকোরি। ৪ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৭-৫, ৭-৬ (৯/৭), ৬-৭ (৫/৭), ৬-৪ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিলাস ভাভরিঙ্কাকে।
মহিলা বিভাগে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার একাতারিনা মাকারোভা। শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিও পেনেত্তাকে, আর মাকারোভা বেলারুশের আজারেঙ্কাকে (৬-৪, ৬-২)। এএফপি।