জোকোভিচের বিদায়

আন্দ্রে আগাসিও ত্রাতা হতে পারলেন না। আমেরিকান টেনিস কিংবদন্তিকে কোচ বানিয়েও নোভাক জোকোভিচ বিদায় রুখতে পারলেন না। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে আসা জোকোভিচ কাল কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে। একতরফা ম্যাচটি ষষ্ঠ বাছাই থিম জিতেছেন ৭-৬ (৭/৫), ৬-৩, ৬-০ গেমে।
গত বছর এই ফ্রেঞ্চ ওপেন জিতেই ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পুরো করেছিলেন জোকোভিচ। ঝলমলে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা দূর করার পর থেকেই ফর্মে ভাটার টান ১২টি গ্র্যান্ড স্লামের মালিকের। এরপর টানা চারটি গ্র্যান্ড স্লাম থেকে খালি হাতে ফিরলেন জোকোভিচ। এই সময়ে ইউএস ওপেনের ফাইনালে ওঠাটাই সেরা সাফল্য সার্বিয়ান তারকার। উইম্বলডন থেকে তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়া জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে থেমেছেন দ্বিতীয় রাউন্ডেই।
দ্বিতীয় ও তৃতীয় সেটে জোকোভিচ কতটা অসহায় ছিলেন তাঁর নিজের কথাতেই তা পরিষ্কার, ‘সত্যটা হলো, আমি আমার সেরাটার ধারেকাছেও খেলতে পারিনি। পরিস্থিতিটা একদমই নতুন আমার জন্য।’
আসলেই তাই। ২০০৫ সালের ইউএস ওপেনের পর গ্র্যান্ড স্লামে কালই প্রথম কোনো সেট ৬-০ গেমে হেরেছেন জোকোভিচ। গ্র্যান্ড স্লামে জোকোভিচ সরাসরি সেটে হারলেন চার বছর পর। এমন দুরবস্থা থেকে বেরোতে টেনিস থেকে কিছুদিন বাইরে থাকারই চিন্তাভাবনা করছেন এটিপি র্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর পুরুষ খেলোয়াড়।
২৩ বছর বয়সী থিম সেমিফাইনালে পড়েছেন রাফায়েল নাদালের সামনে। নয়বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল কাল বলতে গেলে ওয়াকওভার পেয়ে উঠে গেছেন শেষ চারে। স্বদেশি পাবলো কারেনো বুস্তার বিপক্ষে ৬-২, ৬-০ গেমে এগিয়ে ছিলেন নাদাল। পেটের পেশির চোটে সরে দাঁড়ান বুস্তা।
কোয়ার্টার ফাইনালে জোকোভিচ, এরপর শেষ চারে লাল দুর্গের একচ্ছত্র অধিপতি নাদাল—থিম মানছেন শুক্রবারের সেমিফাইনালটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, ‘এটা সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’
এ বছর ক্লে কোর্টে নাদালকে একমাত্র হারটা কিন্তু এই থিমই উপহার দিয়েছেন রোম মাস্টার্সে। এএফপি।