জোকোভিচের মৌসুম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনুইয়ের চোট ভোগাচ্ছে নোভাক জোকোভিচকে—একদিন আগেই এটি জানিয়েছিলেন সার্বিয়ার ডেভিস কাপ দলের চিকিৎসক জেডেস্লাভ মিলিনকোভিচ। সাবেক এক নম্বর ইউএস ওপেন না-ও খেলতে পারেন, এমন একটা শঙ্কাও তাঁর ছিল। সার্বিয়ান টেনিস তারকাকে নিয়ে এবার এল আরও দুঃসংবাদ। ২৮ আগস্ট শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে তো নয়ই, এ বছর আর কোনো টুর্নামেন্টই খেলা হবে না জোকোভিচের।

ডান কনুইয়ে প্রায় দেড় বছরের পুরোনো চোট জোকোভিচের। অতিরিক্ত খেলার কারণে তাঁর হাড়ে সমস্যা হয়েছে বলে জানিয়েছিলেন মিলিনকোভিচ। চোটের কারণে এবারের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেও কোর্ট থেকে উঠে আসতে হয় জোকোভিচকে। কনুইয়ের ব্যথাটা ক্রমেই বাড়ছে বলে ফেসবুকে লাইভ ভিডিওতে জানিয়েছেন ১২টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘২০১৭ সালে আর কোনো টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি। দুর্ভাগ্য, সিদ্ধান্তটা এই সময়ে জানাতে হলো আমাকে। ব্যথার কথা ভাবলে গত উইম্বলডনটা সম্ভবত আমার কাছে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট ছিল। সেই ব্যথা ক্রমেই বাড়ছে।’

জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৬—এই সময়ে ২৪টি টুর্নামেন্টের ২২টিরই ফাইনালে খেলেছেন। জিতেছেন ১৭টিতে। কিন্তু গত বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পর বলতে গেলে তাঁর দুঃসময়ের শুরু। এরপর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। এএফপি।