জোকোভিচের যদি 'তৃতীয় চোখ' থাকত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে ভাগেই ম্যাচ শেষ করায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন জোকোভিচ। এএফপি
আগে ভাগেই ম্যাচ শেষ করায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন জোকোভিচ। এএফপি

টেনিস দুনিয়া কাল দেখল অন্যরকম এক দৃশ্য। অবশেষে ভুলে যাওয়া হারের স্বাদ পেলেন নোভাক জোকোভিচ। দুবাই ওপেনের কোয়ার্টার ফাইনালে কাল ফেলিসিয়ানো লোপেজের কাছে হেরে গেছেন বিশ্বসেরা টেনিস তারকা। এই হারে টানা ১৮টি এটিপি ট্যুরের ফাইনাল খেলার রেকর্ড করতে পারলেন না জোকোভিচ।


অবশ্য কালকের এই হারে একটা ‘কিন্তু’ আছে। প্রতিপক্ষ লোপেজ যে তাঁকে ঠিক প্রথাগত উপায়ে হারিয়েছেন তা নয়, ম্যাচের প্রথম সেট ৬-৩ গেমে জিতেছিলেন স্প্যানিশ খেলোয়াড় লোপেজ। কিন্তু সেট মীমাংসা হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ, আর ম্যাচ জিতে যান লোপেজ। ম্যাচ চলার সময়ই বারবার চোখে হাত দিচ্ছিলেন, পরে জানা গেল ডান চোখে সমস্যার কারণে খেলতে অসুবিধা হচ্ছিল জোকোভিচের। পরের সেট খেলা অসম্ভব মনে হওয়াতেই কোর্ট থেকে উঠে গেছেন।

চোখের অ্যালার্জির কারণে এভাবে ম্যাচ ছেড়ে উঠে আসায় হতাশ জোকোভিচও, ‘আমি খুবই দুঃখিত এভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো। যাঁরা খেলা দেখতে এসেছিল সবার কাছে ক্ষমাপ্রার্থী কিন্তু আমার যদি তৃতীয় আরেকটি চোখ থাকত তবেই শুধু আমি খেলতে পারতাম আজ।’

চলতি বছরে জোকোভিচ এই প্রথম কোনো ম্যাচ জিততে পারেননি। এর আগের ১৪ ম্যাচে ছুটেছে তাঁর জয়রথ, খেলেছেন টানা ১৭টি টুর্নামেন্টের ফাইনালে। সর্বশেষ কোনো টুর্নামেন্টের ফাইনাল না খেলে বিদায় নিয়েছিলেন গত বছরের জানুয়ারিতে দোহা ওপেনে।

১১টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিসের এক নম্বর তারকা এখন এই ধাক্কা সামলে পরবর্তী টুর্নামেন্ট নিয়ে ভাবতে শুরু করেছেন, ‘আশা করি কিছুদিনের এই সমস্যা মিটে যাবে। ডেভিস কাপ, ইন্ডিয়ান ওয়েলসের মতো বড় বড় কিছু টুর্নামেন্ট আমার জন্য অপেক্ষা করছে।’ সূত্র:এএফপি