জোকোভিচের শিরোপা পঞ্চক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকের আগে চারবার চুমু খেয়েছেন এই ট্রফিতে। অ্যান্ডি মারেকে হারিয়ে আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি নিজের করে নিলেন নোভাক জোকোভিচ l এএফপি
কালকের আগে চারবার চুমু খেয়েছেন এই ট্রফিতে। অ্যান্ডি মারেকে হারিয়ে আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি নিজের করে নিলেন নোভাক জোকোভিচ l এএফপি

প্রথম দুটি সেটই গড়াল টাইব্রেকারে। প্রথমটি জিতলেন নোভাক জোকোভিচ। দ্বিতীয়টি অ্যান্ডি মারে। রোমাঞ্চকর এক সমাপ্তির আভাসে কাল টগবগ করছিল রড লেভার অ্যারেনা। কিন্তু জোকোভিচ ভাবলেন অন্য রকম। পরের দুটি সেট হেলায় জিতেই অস্ট্রেলিয়ান ওপেনটা পঞ্চমবারের মতো হাতে তুললেন সার্ব তারকা। আর এই হারে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে চারবার ফাইনালে উঠে চারবারই রানারআপ ট্রফি নিয়ে বাড়ি ফিরতে হলো মারেকে।
৩ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে জোকোভিচ জিতেছেন ৭-৬ (৭/৫), ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-০ গেমে। এই জয়ে অস্ট্রেলিয়ান ওপেনজয়ীদের তালিকায় একই সঙ্গে আন্দ্রে আগাসি ও রজার ফেদেরারকে পেছনে ফেললেন জোকোভিচ। ২৭ বছর বয়সী জোকোভিচের সামনে এখন শুধু রয় এমারসন। কাল সেই এমারসনের কাছ থেকেই ট্রফি হাতে তোলার পর আপ্লুতই হয়ে গেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়, ‘পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হিসেবে এখানে দাঁড়াতে পারাটা অবশ্যই বিশেষ কিছু। বিশেষ কিছু রয় এমারসনের মতো কিছু অসাধারণ খেলোয়াড়ের পাশে বসতে পারাটাও। আপনার (এমারসনের) সামনে খেলাটা অবশ্যই সম্মানের।’
গত আট বছরের মধ্যে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতে এটিপি র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ধরে রাখলেন জোকোভিচ। আজ প্রকাশিতব্য র্যা ঙ্কিংয়ে উন্নতি হবে মারেরও। ছয় থেকে চারে উঠে আসবেন দুটি গ্র্যান্ড স্লামজয়ী ব্রিটন।
পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলার পর আসল সময়ে এই হার। এতে শুধু আক্ষেপই বেড়েছে মারের, ‘পুরো গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে এবারই আমি সবচেয়ে ধারাবাহিক ছিলাম। তার পরও জিততে পারলাম না। কঠিন একটা বছর পার করার পর প্রচুর পরিশ্রম করেই এই পর্যায়ে পৌঁছেছি। দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আর পারলাম না।’ এএফপি, রয়টার্স।
৫
উন্মুক্ত যুগে পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম পুরুষ খেলোয়াড় নোভাক জোকোভিচ। ছয়বার চ্যাম্পিয়ন হয়ে সর্বকালের সেরা রয় এমারসন।
৮
আটটি গ্র্যান্ড স্লাম জিতে সর্বকালের তালিকায় আট নম্বরে উঠে এলেন জোকোভিচ
৫–৪
পাঁচবার ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন জোকোভিচ। আর বছরের প্রথম গ্র্যান্ড স্লামে চারবারই ফাইনাল খেলে হারলেন অ্যান্ডি মারে