জোকোভিচের সামনে ভাভরিঙ্কা

একে একে ৮টি গ্র্যান্ড স্লাম হয়ে গেছে তাঁর। কিন্তু লাল মাটির কোর্টের সঙ্গে নোভাক জোকোভিচের খুব সখ্য যেন গড়ে ওঠেনি কখনোই। খুব কাছে যাওয়ার পরও প্যারিস তাঁকে ফিরিয়ে দিয়েছে ২০১২ সালে, ফিরিয়েছে গত বছরও। এবার আর ফ্রেঞ্চ ওপেন থেকে খালি হাতে ফিরতে চান না—বলেছিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। জোকোভিচ যে প্রতিশ্রুতি রাখতে প্রত্যয়ী সেটা বোঝা গেছে কোয়ার্টার ফাইনালে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে হারানোর পরই। বাকি ছিল দুটি ম্যাচ। তার একটিতে কাল অ্যান্ডি মারেকেও হারিয়ে দিলেন ৬-৩, ৬-৩, ৫-৭, ৫-৭, ৬-১ গেমে। অধরা ফ্রেঞ্চ ওপেনের ট্রফি আর জোকোভিচের মাঝে এখন দাঁড়িয়ে শুধু স্তানিসলাস ভাভরিঙ্কা। আজ প্যারিসে শেষ বাধাটা পেরোতে পারলে শুধু ৯ নম্বর গ্র্যান্ড স্লামটাই জিতবেন না জোকোভিচ, হয়ে যাবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামও।
র্যাঙ্কিংয়ে এক নম্বর জোকোভিচ, এ টুর্নামেন্টেও পুরুষদের শীর্ষ বাছাই। অন্যদিকে ৮ নম্বর বাছাই ভাভরিঙ্কার ঝুলিতে এখন পর্যন্ত একটাই গ্র্যান্ড স্লাম ট্রফি—গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন। মুখোমুখি লড়াইয়েও জোকোভিচ এগিয়ে ১৯-৩ ব্যবধানে। সার্বিয়ান এই টেনিস তারকার এটা তৃতীয় ফ্রেঞ্চ ওপেন ফাইনাল হলেও ভাভরিঙ্কা সেমিফাইনালের বাধা পেরোলেন এই প্রথমবার। তবে সব রকম পরিসংখ্যানে জোকোভিচ স্পষ্ট এগিয়ে থাকলেও ফাইনালটা একতরফা হবে বলে মনে করছেন না অনেকে। কারণ গ্র্যান্ড স্লামে দুজনের সর্বশেষ চার সাক্ষাতেই ম্যাচ গড়িয়েছে পঞ্চম সেট পর্যন্ত। এর মধ্যে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তো দুর্দান্ত খেলে জোকোভিচকে হারিয়েই দিয়েছিলেন ভাভরিঙ্কা। ফাইনাল তাই সহজ হবে বলে মনে করছেন না জোকোভিচও, ‘আমি এই জায়গায় আগেও এসেছি। প্রতিবারই মানুষ ভাবতে শুরু করেছে, এবার কি ট্রফিটা আসবে? আমারও মনে হয়েছে, আমি কি জিততে পারব? দেখা যাক। আমার যতটুকু দেওয়ার আছে, আমি সবটুকু দিয়ে কাল (আজ) চেষ্টা করব। আশা করছি সেটা যথেষ্ট হবে।’
সহজ হয়নি অবশ্য মারের বিপক্ষে সেমিফাইনালটাও। আগের দিন ৬-৩, ৬-৩, ৫-৭, ৩-৩ গেমে জোকোভিচ এগিয়ে থাকা অবস্থায় প্রবল ঝোড়ো হাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। কাল শুরুতেই মারে চতুর্থ সেটটা ৫-৭ ব্যবধানে জিতে ম্যাচ জমিয়ে তোলেন। তবে পঞ্চম সেটে আর মারেকে দাঁড়াতে দেননি জোকোভিচ। ৬-১-এ জিতে ম্যাচটাও নিজের করে নেন। ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের ফাইনালে ফেদেরারের কাছে হারের পর এটা জোকোভিচের টানা ২৮তম জয়। গত অক্টোবরে ছেলে স্টেফানের জন্মের পর এ নিয়ে মোট ৪১টি ম্যাচ জিতেছেন জোকোভিচ, হার মাত্র ২টিতে।
এই পুত্রভাগ্যটা আজ ফাইনালেও নিশ্চয়ই প্রত্যাশা করছেন জোকোভিচ! এএফপি, রয়টার্স।