জোকোর ত্রয়োদশ না ভাভরিঙ্কার তৃতীয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বছর দুয়েক আগে স্তানিস্লাস ভাভরিঙ্কা যখন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, সেটিকে ‘ফ্লুক’ মনে করেছিলেন অনেকেই। ২৯ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু একটু দেরিতে হলেও এরপর ভাভরিঙ্কা সৌরভ ছড়িয়েই যাচ্ছেন। গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, আজ ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ। কিন্তু প্রতিপক্ষ যখন নোভাক জোকোভিচ, সেই কাজটা কঠিনই হওয়ার কথা।
রয় এমারসনকে ছাড়িয়ে দেওয়ার এ সুযোগটা জোকোভিচ নিশ্চয় ছাড়তে চাইবেন না। আজ ভাভরিঙ্কার সঙ্গে জিতলেই ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্লাম হাতে উঠবে। সামনে থাকবেন শুধু পিট সাম্প্রাস, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। উইম্বলডনে তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ার দুঃখটা ইউএস ওপেনে জিতলে আর মনে থাকার কথা নয়!
মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ অনেক এগিয়ে থাকতে পারেন, তবে গ্র্যান্ড স্লামে দুজনের ইতিহাস আজ রোমাঞ্চকর একটা ফাইনালেরই আভাস দিচ্ছে। গত বছর জোকোভিচকে হারিয়েই ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ভাভরিঙ্কা। জোকোভিচের ক্যারিয়ার স্লামও তখন হয়নি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেই। এর আগে গ্র্যান্ড স্লামে দুজনের চারটি ম্যাচই নিষ্পত্তি হয়েছে পঞ্চম সেটে। এর মধ্যে ভাভরিঙ্কা অবশ্য একবারই জিতেছেন। ২০১৪ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পথে জোকোভিচকে হারিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে।
ভাভরিঙ্কার নিশ্চয়ই সেসব মনে আছে। পরশু নিশিকোরিকে হারিয়ে ফাইনালে ওঠার পর মনে করিয়ে দিয়েছেন, ‘নোভাকের সঙ্গে আবার খেলা হবে খুবই স্পেশাল।’ জোকোভিচও জানেন, বড় মঞ্চে ভাভরিঙ্কা ভয়ংকর হয়ে উঠতে পারেন, ‘সে বড় ম্যাচের খেলোয়াড়। বড় মঞ্চে, বড় খেলোয়াড়দের বিপক্ষেই সে নিজেকে চেনায়, নিজের পারফরম্যান্স অন্য উচ্চতায় নিয়ে যায়। ওর সার্ভও খুব জোরালো, আর এক হ্যাতের ব্যাকহ্যান্ড এ মুহূর্তে সম্ভবত বিশ্বের সেরা।’
সবকিছু মিলিয়ে একটি রোমাঞ্চকর ফাইনালেরই তো পূর্বাভাস। এএফপি।