টানা চার জোকোভিচের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ টুর্নামেন্ট, আর এতে খেলছেন বছরের সেরা আট পারফরমার। গ্র্যান্ড স্লামের বাইরে এটিপির অন্য টুর্নামেন্টগুলোর মধ্যে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের মর্যাদা তাই অন্য রকম। আজ থেকে লন্ডনে শুরু পুরুষ টেনিসের এই টুর্নামেন্ট। তিন বছর ধরেই এই টুর্নামেন্টে চলছে জোকোভিচ-রাজ। এ বছরও কি নোভাক জোকোভিচ ধরে রাখবেন তাঁর শ্রেষ্ঠত্ব?
এ কৌতূহলটিই টুর্নামেন্টের আকর্ষণে যোগ করেছে নতুন মাত্রা। বছরজুড়ে দুর্দান্ত খেলা জোকোভিচ এটিপি ইতিহাসের প্রথম তারকা হিসেবে এ বছর তিনটি গ্র্যান্ড স্লামের পাশাপাশি জিতেছেন ৬টি মাস্টার্স ১০০০ সিরিজ। ৯টি মাস্টার্স সিরিজের ৮টিরই ফাইনাল খেলেছেন, টানা ফাইনাল খেলেছেন ১৪টি, আয় করেছেন ১ কোটি ৬০ লাখ ডলারেরও বেশি প্রাইজমানি। জোকোভিচের এসব কীর্তিই এক পঞ্জিকাবর্ষে এটিপির ইতিহাসের প্রথম। বছরের শেষ টুর্নামেন্টে এবারও জিতলে টানা চারটি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জেতা ইতিহাসের প্রথম খেলোয়াড় হবেন জোকোভিচ।
জাপানের কেই নিশিকোরির বিপক্ষে ম্যাচ দিয়ে আজই কোর্টে নামবেন জোকোভিচ। তাঁর আত্মবিশ্বাসে যে বিন্দুমাত্র কমতি নেই সেটি বুঝিয়ে দিলেন টুর্নামেন্ট শুরুর আগেই, ‘২০১১ সালেও ভালো খেলেছিলাম আমি। কিন্তু আমার মনে হয় সেবারের চেয়েও এই বছরটিতে ভালো করেছি আমি। আমি খেলাটার প্রেমে পড়েছি। মৌসুমের ফাঁকা সময়েও নিজেকে প্রস্তুত রাখতে এখন অনুশীলনে যাওয়াটাকে কঠিন মনে হয় না আমার।’ টেনিসের এক নম্বর তারকাকে এই টেনিসপ্রেমই নাকি নিয়ত তাঁকে এগিয়ে নিচ্ছে সামনে, ‘নতুন নতুন লক্ষ্য ঠিক করি আমি। নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে সে অর্জন কিংবা লক্ষ্য পূরণের চেষ্টা করে যাই।’
র্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে খেলবেন। দুই গ্রুপের সেরা দুজন উঠবেন সেমিফাইনালে। জোকোভিচের গ্রুপে নিশিকোরি ছাড়াও আছেন রজার ফেদেরার, টমাস বার্ডিচ। অন্য গ্রুপে অ্যান্ডি মারে, স্তানিসলাস ভাভরিঙ্কা, রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার।
এ বছর নোভাক জোকোভিচের জয়-পরাজয়ের রেকর্ড ৭৮-৫। সাফল্যে মোড়ানো সোনালি বছরের শেষটিতে তুলির শেষ ছোঁয়া দিতে পারবেন জোকোভিচ? এএফপি, রয়টার্স।