টিটির ক্যাম্পে হ-য-ব-র-ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি থেকে যানজট ঠেলে প্রতিদিন পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে অনুশীলনে আসেন টেবিল টেনিস খেলোয়াড় মৌমিতা আলম রুমি। কাল তীব্র যানজট থাকায় তাঁকে শাহবাগ থেকে হেঁটে আসতে হয়েছে। জাতীয় টেবিল টেনিসের বর্তমান নারী চ্যাম্পিয়ন রুমি এত কষ্ট করে এসেও অনুশীলন করতে পারেননি একটুও। শুধু রুমিই নন, আলোকস্বল্পতার কারণে জিমনেসিয়ামে এসেও বিনা অনুশীলনে ফিরে গেছেন অন্যরাও।
১৮ জন টিটি খেলোয়াড়কে নিয়ে গত ২০ আগস্ট শুরু হয়েছে এসএ গেমসের অনাবাসিক অনুশীলন ক্যাম্প। কিন্তু বেশির ভাগ সময়ই ক্যাম্পে ঠিকমতো অনুশীলন করতে পারেন না খেলোয়াড়েরা। ক্যাম্প শুরু হওয়ার পর থেকে প্রায়ই আলোকস্বল্পতার কারণে অনুশীলনে বিঘ্ন ঘটে। ছোট-বড় মিলিয়ে উডেনফ্লোরে বাল্ব আছে ৮৩টি। কিন্তু কাল সন্ধ্যায় জিমনেসিয়ামে গিয়ে দেখা গেল মাত্র ৬টি বাল্ব জ্বলছে! এত কম আলোয় খেলতে না পেরে খুবই বিরক্ত রুমি, ‘টেবিলের সামনে গেলেও চোখ মেলে তাকাতে পারি না। এত কম আলোয় খেলে আমাদের মাথাব্যথা শুরু হয়েছে। ইদানীং চোখও ব্যথা করে।’
শুধু আলোকস্বল্পতাই নয়, টিটি খেলোয়াড়দের সমস্যা আরও আছে। অনুশীলনে নিয়মিত বল সরবরাহ করছে না ফেডারেশন, ব্যাটের রাবার নিম্নমানের। টেবিলগুলো স্যাঁতসেঁতে হয়ে পড়ায় বল দ্রুত ব্যাটে আসে না। ফ্লোরে ম্যাট নেই। ভাঙাচোরা কাঠের ওপর খেলতে খুব সমস্যা হয় খেলোয়াড়দের।
জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) বরাবরের মতো এবারও এসব সমস্যার কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। কাল অসহায় কণ্ঠে বলছিলেন, ‘আমরা এখন আধমরা অবস্থায় আছি। আমাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বাল্বের সমস্যাটা অনেক পুরোনো। লাইট নষ্ট হয়ে গেলেই এনএসসি চীনের সস্তা বাল্ব লাগিয়ে দেয়। কিন্তু ফিলিপসের আসল বাল্ব ৪০০০ ঘণ্টা জ্বলার নিশ্চয়তা দেয়। আমাদের কমপক্ষে ১৬টি বাতি দরকার। আছে মাত্র ৬টি।’ ফ্লোর এখনো ভাঙাচোরা, তারই আরেক পাশে জোড়াতালি দিয়ে অনুশীলন করছেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরা।
টিটি ক্যাম্পের খেলোয়াড়দের প্রতিদিনের খাবারদাবারের জন্য জনপ্রতি ৭৭৫ টাকা দেওয়ার কথা ফেডারেশনের। এটা নিয়েও টিটি খেলোয়াড় মাহমুদুজ্জামান শাহেদ অভিযোগ করলেন কাল, ‘এই টাকা আমরা নিয়মিত পাই না। আমরা নিজেদের টাকা দিয়েই আপাতত ডিম, দুধ, কলা কিনে খাচ্ছি।’
গত এসএ গেমসে দলগত ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার এত প্রতিকূলতা ডিঙিয়ে ব্রোঞ্জটা ধরে রাখা যাবে কি না, সংশয়ে আছেন খেলোয়াড়েরা।