টেনিস কোচের জন্য...
টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুতরাং টেনিস নিয়েও দূতিয়ালি করার সুযোগ তাঁর আছে। তাই ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের নিয়ে ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে ‘ডিপ্লোম্যাট কাপ টেনিস টুর্নামেন্ট’। রমনা টেনিস কমপ্লেক্সে আজ শুরু হবে প্রতিযোগিতা। খেলা হবে দুই দফা—১০-১১ এপ্রিল ও ১৭-১৮ এপ্রিল। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও ফান টেনিস—এ চারটি ইভেন্টে অংশ নেবেন প্রায় ৩০ জন খেলোয়াড়।
ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘টেনিসের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য আমরা বিভিন্ন দেশ থেকে কোচ খুঁজছি। কিন্তু চুক্তির মাধ্যমে কোচ আনতে গেলে অনেক টাকা প্রয়োজন, যেটা আমরা দিতে পারব না। এসব রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের অনুরোধ করব যাতে তাঁরা কোচ দিয়ে সহযোগিতা করেন।’ প্রতিবেশী ভারতের অলিম্পিক পদকজয়ী খেলোয়াড় লিয়েন্ডার পেজকে আনার চেষ্টা চলছে বলে জানালেন তিনি, ‘চেষ্টা চলছে লিয়েন্ডার পেজকে আনার। যদি পেজ এসে আমাদের খেলোয়াড়দের একটু প্রশিক্ষণ দেন সেটা কম কিসে?’