টেনিস কোর্টের দাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাট বছর বয়সেও টেনিসের বিশ্বকাপে খেলেছেন গ্যাডোনফিন কপতিগান ইয়াকা। ফাইল ছবি
ষাট বছর বয়সেও টেনিসের বিশ্বকাপে খেলেছেন গ্যাডোনফিন কপতিগান ইয়াকা। ফাইল ছবি

কোর্টে নেমেই হকচকিয়ে গেলেন উইলিয়াম ডিভো। নেটের উল্টো দিকে যে এক দাদু দাঁড়িয়ে! গিয়েমে ডিভোও বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। দুই ডিভো খেলতে নেমেছিলেন ডেভিস কাপে, মরিশাসের হয়ে। টেনিসের বিশ্বকাপে সেদিন মরিশাসের ম্যাচ ছিল টোগোর বিপক্ষে। কোর্টে প্রতিপক্ষের দিকে চোখ যেতেই চমকে গেলেন দুজন, ‘একি! কার বিরুদ্ধে খেলতে নামলাম!’


ডিভোদের দোষ দিয়ে লাভ নেই। ২০০১ সালে ডেভিস কাপের ওই ম্যাচে ১৭ ও ১৯ বছরের মরিশাসের এই দুই টেনিস খেলোয়াড়ের প্রতিপক্ষ ছিলেন ৬০ বছরের এক বুড়ো। তাঁদের দুজনের বয়স যোগ করলেও যে গ্যাডোনফিন কপতিগান ইয়াকার বয়সের হাঁটুর কাছে পড়ে থাকবেন। চুলে পাক ধরেছে, শেষ কবে র‍্যাকেট ধরেছেন সেটা নিজেও প্রায় ভুলে যেতে বসেছেন—ঠিক এমন অবস্থাতেই ডেভিস কাপে খেলতে নেমেছিলেন কপতিগান ইয়াকা। কারণ, ডাবলসের এক খেলোয়াড় ঘুম থেকে উঠতে দেরি করায় বিমানে উঠতে পারেননি। উপায় না দেখে আগের পাঁচ বছর একবারও র‍্যাকেট হাতে না নেওয়া কপতিগান ইয়াকাই নেমে পড়লেন কোর্টে।

উইলিয়াম ডিভো এখনো ভোলেননি সে ম্যাচের কথা, ‘আমি যখন ধূসর চুলের লোকটাকে দেখলাম মনে করলাম, হয়তো কোচ হবেন। তারপরই তিনি হাতে র‍্যাকেট তুলে নিলেন। অবাক হলাম, “এই লোক আসলেই খেলতে নামছে!”’ দর্শকদের অবস্থাও ছিল উইলিয়ামের মতো। ইয়াকা সেই স্মৃতি মনে করে মজা পান এখনো, ‘দর্শকেরা সবাই ভেবেছিল, আমি খেলোয়াড়দের প্রস্তুতির জন্য নেমেছি। তারা শেষ পর্যন্ত “আসল” খেলোয়াড়ের অপেক্ষা করছিল!’

ম্যাচে নেমে কোনো বিস্ময় অবশ্য দেখাতে পারেননি ইয়াকা। তাঁর দল টোগো যাচ্ছেতাইভাবে হেরেছে মরিশাসের কাছে। এমনই ছিল ম্যাচের অবস্থা যে একপর্যায়ে গিয়েমে ডিভো একটু ছাড় দিতে চেয়েছিলেন, ‘একপর্যায়ে আমরা আলোচনা শুরু করলাম, আরেকটু নরম হয়ে খেলব নাকি!’ তবে ম্যাচ শেষে কোর্টে নামার পেছনের গল্প জানতে পেরে দর্শকের কাছ থেকে উষ্ণ সংবর্ধনাই পেয়েছিলেন ইয়াকা।

ইয়াকার টেনিস খেলার গল্পটিও কি কম আশ্চর্যের? টোগোর এমনই গণ্ডগ্রামে থাকতেন ইয়াকা যেখানে বিদ্যুৎ ছিল না। আরে বিদ্যুৎ তো বিলাস পণ্য, পানযোগ্য পানিই ছিল না তো তাঁর কুড়েঘরের আশপাশে। সেই গ্রাম থেকেই উঠে এসেই টেনিস খেলতেন, দেশের প্রতিনিধিত্ব করতেন। এমনকি গেছেন বিশ্বমঞ্চে। গড়েছেন সবচেয়ে বেশি বয়সে ডেভিস কাপে খেলার রেকর্ড। তবে এ রেকর্ডটি ২০০৭ সালে ভেঙে গেছে। সেবার ডেভিস কাপে সান মারিনোর পক্ষে খেলা ভিত্তোরিও পেলান্দ্রার বয়স ছিল ৬৬ বছর! তবে পায়ে টান পড়ায় ২০ মিনিটের আগেই কোর্ট ছেড়ে বেরিয়ে গেছেন ভিত্তোরিও।

ইয়াকার গল্প অবশ্য শেষ হয়নি সেখানে। দরিদ্রক্লিষ্ট জীবন থেকে পালিয়ে বাঁচতে ২০০৫ সালেই যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। একটি কারখানায় চাকরি জুটিয়েছেন। সেখানেই একবার গল্প ছলে সহকর্মীদের বলেছিলেন, ‘আমি কিন্তু ডেভিস কাপে খেলেছি। তারা হেসেই উড়িয়ে দিল, “ও, তুমি তাহলে অ্যান্ডি রডিকের বিপক্ষে খেলেছ!” হয়তো না, কিন্তু হতেও তো পারত!’