
নাম নিবন্ধনের শেষ সময় ছিল সন্ধ্যা ৬টা। মাত্র ১৫ মিনিট আগে হন্তদন্ত হয়ে রমনা টেনিস কমপ্লেক্সে ঢুকলেন ক্যােথরিন পারডিউ লাফ্রান্স। আজ শুরু বাংলাদেশ আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) জুনিয়র টেনিস টুর্নামেন্টে নাম নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারতে পেরে হাফ ছেড়ে বাঁচলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই খেলোয়াড়।
বাংলাদেশ টেনিস ফেডারেশন ৩০ বছর ধরে আইটিএফের নির্ধারিত বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮) টুর্নামেন্ট আয়োজন করে আসছে। প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে খেলছেন অনেক খেলোয়াড়। কিন্তু এবার ক্যােথরিনের আসাটা একটু ব্যতিক্রমী। ঢাকার এই টুর্নামেন্টে খেলতে বাংলাদেশে এসেছেন চার্টার্ড বিমানে! ভাড়া করা বিমানটি ঢাকায় থাকবে ১২ নভেম্বর টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত। তাঁকে নিয়ে টেনিস ফেডারেশনে হইচই পড়ে গেছে! ক্যােথরিনের সঙ্গে এসেছেন বাবা স্টিভেন লি লাফ্রান্স, মা ওয়েনডি পারডিউ লাফ্রান্স ও কোচ সোফিয়া আলেক্সান্দ্রা। কাল যখন ক্যােথরিন রমনা টেনিস কমপ্লেক্সে ঢুকলেন, তাঁর নিরাপত্তায় নিয়োজিত ছিল বিশেষ বাহিনী।
থাইল্যান্ড থেকে বিমান ভাড়া করে কম্বোডিয়ায় খেলে সেখান থেকেই সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে যানজট এড়িয়ে তবেই ফেডারেশনে। আর তিনিই সর্বশেষ নিবন্ধিত খেলোয়াড়। কম্বোডিয়ার আগে থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, চীন ও জাপানে খেলেছেন আইটিএফের টুর্নামেন্টে।
ক্যােথরিনের বাবা-মা দুজনই লস অ্যাঞ্জেলেসে টেনিস খেলতেন। বাবা ছিলেন শখের টেনিস খেলোয়াড়। তবে মা পেশাদার টেনিসে আঞ্চলিক চ্যাম্পিয়ন। কিন্তু চোটের কারণে বেশি দূর যেতে পারেননি। বাবা-মা দুজনেরই স্বপ্ন মেয়েকে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় বানাবেন। মাত্র পাঁচ বছর বয়সেই তাই মেয়ের হাতে তুলে দেন র্যাকেট। ক্যােথরিনের রিয়েল এস্টেট ব্যবসায়ী বাবা গর্বভরে বলছিলেন, ‘আমি তো বেশি ভালো খেলতাম না। তবে ওর মা খুব ভালো খেলত। মেয়েটা মায়ের মতো হয়েছে।’ বাংলাদেশে এসে ক্যাথেরিন বেশ রোমাঞ্চিত, ‘আগে কখনো ঢাকায় আসিনি। তাই একটু বেশিই রোমাঞ্চিত আমি। জানি না কেমন প্রতিপক্ষ পাব। তবে চ্যাম্পিয়ন হতেই এসেছি।’
সেরেনা উইলিয়ামসের দেশের টেনিস খেলোয়াড় ক্যাথেরিন। কিন্তু ক্যাথেরিনের প্রিয় খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। জুনিয়রে বর্তমানে ৪৩১ নম্বর র্যাঙ্কধারী ক্যাথেরিন স্বপ্ন দেখেন গ্র্যান্ড স্লাম জেতার, ‘বছর দুয়েক আগে ফ্লাশিং মিডোয় গিয়েছিলাম ইউএস ওপেন দেখতে। সেখানে ভেনাস উইলিয়ামসকে খুব কাছ থেকে দেখেছিলাম। মনে হতো, কবে আমিও এখানে খেলতে পারব।’