টেনিস বল ছুড়ে অভিনব প্রতিবাদ
সমর্থকদের গুরুত্ব কি তাহলে ক্লাবের কাছে কমে গেল! তাঁদের দিকটা না ভেবেই বছরের পর বছর টিকিটের দাম বাড়ানো হচ্ছে। এর প্রতিবাদে গত সপ্তাহে মাঠে গিয়ে মাঝপথে ম্যাচ বর্জন করেছেন লিভারপুল সমর্থকেরা। আর গত পরশু অভিনব প্রতিবাদ জানালেন বরুসিয়া ডর্টমুন্ড সমর্থকেরা।
প্রতিবাদের জন্য ডর্টমুন্ড সমর্থকেরা বেছে নিয়েছিলেন জার্মান কাপের ডর্টমুন্ড-স্টুর্টগার্ট ম্যাচটিকে। মাঠে এসে প্রথম ২০ মিনিট তাঁরা চেয়ারেই বসেননি। পরে অবশ্য বসেছেন। কিন্তু প্রতিবাদের বাকি ছিল আরও। পাঁচ মিনিটেই এগিয়ে যাওয়া ডর্টমুন্ড যখন গোল খায় ২১ মিনিটে, ডর্টমুন্ড গ্যালারি থেকে মাঠে ছুড়ে মারা হতে লাগল টেনিস বল। সেসব টেনিস বলের স্তূপ সরিয়েই আবার শুরু হয় খেলা। আর গ্যালারিতে তো ছিল প্রতিবাদী ব্যানার, ‘ফুটবল দেখাটা সাধ্যের মধ্যেই থাকা উচিত।’ তবে দল শেষ পর্যন্ত হতাশ করেনি সমর্থকদের, ৩-১ গোলে জিতেছে ডর্টমুন্ড।
এর আগে গত শনিবার টিকিটের দাম বাড়ানোর প্রতিবাদে মাঝপথে ম্যাচ বর্জন করেন লিভারপুল সমর্থকেরা। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৭৭ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান তাঁরা। ৭৭ সংখ্যাটি ছিল প্রতীকী। মূল্য পুনর্বিবেচনা না করা হলে আগামী মৌসুমে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৭৭ পাউন্ডের টিকিট কিনতে হবে লিভারপুলের ম্যাচ দেখার জন্য। আজীবন যাঁরা মাঠে গিয়ে দলকে সমর্থন জুগিয়েছেন, টিকিটের মূল্য নাগালের বাইরে চলে গেলে কী হবে? ফুটবল সাপোর্টার্স ফেডারেশনের (এফএসএফ) চেয়ারম্যান ম্যালকম ক্লার্কের আশঙ্কা, স্থানীয় সমর্থকদের হটিয়ে গ্যালারিতে জায়গা করে নেবে পর্যটকেরা! ডেইলি মেইল, ফোরফোরটুডটকম।