টেনিস ভালোবাসেন না টমিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য কোনো পেশার কেউ বললে কথাটা এত বিস্ময়কর শোনাত না। জীবিকার প্রয়োজনে মানুষ অপছন্দের কত কিছুই তো করে যায় জীবনভর। কিন্তু যাঁরা খেলোয়াড়, তাঁরা তো ওই খেলাটা ভালোবাসেন বলেই তো পেশা হিসেবে বেছে নেন। এই ভালোবাসা না থাকলে শুধু জীবিকার প্রয়োজনে কি কোনো খেলাকে পেশা হিসেবে নেওয়া যায়?

যায়, বার্নার্ড টমিকই তো নিয়েছেন! অস্ট্রেলিয়ান এই টেনিস খেলোয়াড়ের দাবি, তিনি টেনিস ভালোবাসেন না। শুধুই জীবিকার প্রয়োজনে তাঁকে টেনিস খেলে যেতে হচ্ছে!

বিশ্ব টেনিসে এখনো খুব বড় কিছু করেননি ২৪ বছর বয়সী টমিক। গ্র্যান্ড স্লামে সেরা পারফরম্যান্স ২০১১ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলা। র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৭ নম্বর পর্যন্ত উঠেছিলেন, এখন র‍্যাঙ্কিং ৭৩। তবে জুনিয়র গ্র্যান্ড স্লামে দুটি শিরোপা আছে তাঁর—২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন, ২০০৯ ইউএস ওপেন। সব মিলিয়ে প্রায় ১০ বছরের পেশাদার ক্যারিয়ার, জিতেছেন প্রায় ৫ মিলিয়ন ডলারের মতো প্রাইজমানিও। ভালোবাসা না থাকলে কি এত দীর্ঘদিন টেনিস খেলে যাওয়া যায়?

অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকারে টমিক সবাইকে অবাক করে দিয়েছেন তাঁর উত্তরে ‘আমি কখনোই টেনিস ভালোবাসিনি। এটা আমার কাছে একটা চাকরির মতো।’ আর ভালোবাসেন না বলেই টেনিসের প্রতি খুব একটা নিবেদিতপ্রাণও নন টমিক, ‘ক্যারিয়ারজুড়ে আমি কখনো শতভাগ দিয়েছি, কখনো দিয়েছি মাত্র ৩০ শতাংশ। গড়ে আসলে পুরো ক্যারিয়ারে আমি প্রায় ৫০ শতাংশ দিয়ে গেছি। কখনোই খুব বেশি চেষ্টা করিনি। তারপরও এত কিছু পেয়েছি।’

টেনিসের প্রতি আগ্রহী তরুণদের তাই টমিকের পরামর্শ, ‘কখনো টেনিস খেলবে না। এমন কিছু করো, যেটা তুমি ভালোবাসো। কারণ এটা একটা একঘেয়ে এবং কঠিন, কঠিন, কঠিন এক জীবন। আমার কথা আলাদা। আমি ফাঁদে পড়ে গেছি। আমাকে বাধ্য হয়ে করে যেতে হচ্ছে। টেনিসই আমাকে বেছে নিয়েছে। আমি কখনোই টেনিসের প্রেমে পড়িনি।’

সর্বশেষ উইম্বলডনে জার্মানির মিশা জভেরেভের কাছে সরাসরি সেটে হারার পর বলেছিলেন, তাঁর নাকি খুব একঘেয়ে লাগছিল খেলতে! যে কথার জন্য নিজের পৃষ্ঠপোষকদেরও হারিয়েছেন টমিক। কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, ‘উইম্বলডনে খেলতে এসে কেউ যদি উৎসাহ না পায়, তার উচিত বাড়িতে বসে থাকা। এ রকম মন্তব্য পুরো টেনিস-বিশ্বের জন্য অপমানজনক।’

এবারও তাঁর এই মন্তব্যগুলো নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। একসময় যাঁকে অস্ট্রেলিয়ান টেনিসের নতুন আশা মনে করা হচ্ছিল, তাঁর মুখে এমন কথা শুনে অনেকেই ক্ষুব্ধ। আবার অনেকের সহমর্মিতাও পাচ্ছেন টমিক। অস্ট্রেলিয়ান ফুটবলার টিম কাহিল যেমন টুইট করেছেন, ‘টমিকের সাক্ষাৎকারটা দেখে খারাপ লাগল। নিজের প্রতিভা সে বুঝতেই পারল না। ওর আসলে সঠিক পরামর্শ আর নির্দেশনা দরকার। এএফপি, রয়টার্স।