টেনিস মানেই টাকা? তাহলে উইলিসের গল্পটা শুনুন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনে রূপকথা লেখা উইলিস দেখিয়ে দিলেন টেনিসে অর্থের বৈষম্যটাও।-ফাইল ছবি
উইম্বলডনে রূপকথা লেখা উইলিস দেখিয়ে দিলেন টেনিসে অর্থের বৈষম্যটাও।-ফাইল ছবি

উইম্বলডনে এবার রূপকথাই লিখেছেন মার্কাস উইলিস। বাছাইপর্বে সরাসরি জায়গা মেলেনি, আগে খেলতে হয়েছে প্রাক্‌–বাছাই। সেখান থেকে টানা ছয় ম্যাচ জিতে উইম্বলডনের মূল পর্বে। বিশ্বের ৭৭৫ নম্বর খেলোয়াড়ের জন্য সেটিই হইচই ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রথম রাউন্ডে র‍্যাঙ্কিংয়ে ৫৩ রিকার্দাস বেরাঙ্কিসকে হারিয়ে দিয়ে তা আরও বাড়িয়ে দেন উইলিস। দ্বিতীয় রাউন্ডে অবশ্য হেরে যান। অনেকের চোখেই সর্বকালের সেরা খেলোয়াড় রজার ফেদেরারের কাছে হারারই কথা।
এতে উইলিস নিজের নামটা সবাইকে জানিয়ে দিতে পেরেছেন, র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৪১৮ নম্বরে। পাশাপাশি অর্থযোগও ঘটেছে ভালোই। প্রাইজমানি পেয়েছেন ৩০ হাজার পাউন্ড। শিরোপা বিজয়ী অ্যান্ডি মারের তুলনায় (২০ লাখ পাউন্ড) হয়তো অর্থটা কমই। কিন্তু জেনে অবাক হবেন, উইম্বলডনে খেলার আগে এই মৌসুমে টেনিস থেকে তাঁর আয় ছিল মাত্র ২৫৮ পাউন্ড! আগে কখনোই এটিপি ট্যুর না খেলা উইলিসের সারা জীবনের আয়ই ৭২ হাজার পাউন্ড।
ফেদেরার, জোকোভিচ, মারের মতো তারকাদের দেখে মনে হতে পারে, পেশাদার টেনিস মানেই তারকাখ্যাতি আর টাকার ছড়াছড়ি। কিন্তু উইলিস যেন এর উল্টো দিকটাও দেখিয়ে দিলেন এবার—এই ভাগ্য আসলে সবার নয়। বিশ্বে হাজার হাজার খেলোয়াড় টেনিস খেলে, পেশাদার খেলোয়াড়ের সংখ্যাও অনেক। কিন্তু তাঁদের বেশির ভাগের কাছেই অর্থ মানে মরীচিকা। কষ্টেসৃষ্টে খেলে যান তাঁরা। উইলিসই যেমন উইম্বলডন খেলতে এসে সাধারণ এক হোটেলের রুম ভাড়া করেছিলেন দিন চুক্তিতে। ওয়ারউইক বোট ক্লাবে চার-পাঁচ বছর বয়সী শিশুদের টেনিস শেখানোই তাঁর উপার্জনের প্রধান উৎস। যা করে দিনে ৩০ পাউন্ড পান।

টেনিসে ‘ধনী’ আর ‘গরিব’-এর এই বৈষম্য নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। প্রশ্ন তুলেছেন অ্যান্ডি মারেও। টেনিসের নিচতলার বাসিন্দাদের জন্যও অর্থের পরিমাণ বাড়ানোর দাবি এবারের উইম্বলডন বিজয়ীর, ‘প্রথম কথা হচ্ছে, তৃণমূল পর্যায়ে অর্থের পরিমাণ বাড়াতে হবে। টাকার অঙ্ক সেই আশির দশকেই পড়ে আছে। অথচ সবকিছুরই ব্যয় বেড়েছে। মার্কাস যদি প্রাক্‌-বাছাইয়ে হেরে যেত, আমরা তার অবিশ্বাস্য গল্পটা জানতে পারতাম না। তৃণমূল পর্যায়ে অর্থের পরিমাণ বাড়াতেই হবে।’ সূত্র : দ্য টেলিগ্রাফ।