টেনিসে আবারও সরকারি কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে ঢাকায় এসেছিলেন সুরেশ মেনন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এশিয়া অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা সেদিন বেশ আক্ষেপ করে বলেছিলেন, ‘বাংলাদেশের টেনিসের অবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। বর্তমানে এশিয়ার সবচেয়ে বাজে ফেডারেশনের তালিকায় রয়েছে বাংলাদেশ।’
টেনিস ফেডারেশনে অনেক দিন ধরেই নির্বাচিত কমিটি নেই। শেষবার নির্বাচন হয়েছিল ২০০৪ সালে। পাঁচ বছর নির্বাচিত কমিটি এটি পরিচালনা করেছে, তার পর থেকে নির্বাচন না দিয়ে ফেডারেশনে বারবার অ্যাডহক কমিটি করছে সরকার।
২০০৯ সালের ১৪ জুলাই অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছিল ইশতিয়াক আহমেদ কারেনকে। তাঁকে সরিয়ে ২০১২ সালের ১১ এপ্রিল সাধারণ সম্পাদক করা হলো জাতীয় ক্রীড়া পরিষদের তৎকালীন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানকে, তিনিও সরকারি কর্মকর্তা। গত ১৪ ডিসেম্বর আবারও এই কমিটি ভেঙে সংশোধিতাকারে পুনর্গঠন করা হয়েছে। নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মীর খুরশিদ আনোয়ার।
সরকারি কর্মকর্তারা সরকারি কাজের বাইরে ফেডারেশনে সময় দিতে পারেন খুব কমই। তার পরও সরকারি কর্মকর্তাদেরই দায়িত্ব দিচ্ছে সরকার। যদিও তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলা হয় অ্যাডহক কমিটিকে, কিন্তু সেটি থাকছে শুধু কাগজে-কলমেই!