বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম দিন। ইয়ারা নদীর পাড়ে বছরের এই সময়টায় উৎসবের আমেজ থাকে। মেলবোর্ন পার্ক টেনিস খেলোয়াড়দের পদচারণে মুখরিত। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনটাই কিনা গুমোট হয় গেল হঠাৎ বোমা ফাটানো এক খবরে। খবরটি প্রথম দিয়েছে বিবিসি আর বাজফিড নিউজ। শিরোনাম—‘টেনিসে ম্যাচ ফিক্সিং: সন্দেহজনক পাতানো ম্যাচের প্রমাণ প্রকাশিত!’
পাতানো খেলার বিষবৃক্ষ শেকড় ছড়িয়ে রেখেছে ক্রিকেটে। ফুটবলেও মাঝেমধ্যে ফিক্সিংয়ের খবর শোনা যায়। প্রতিরোধে দুটি খেলারই সর্বোচ্চ প্রশাসন নিয়েছে কঠোর অবস্থান। কিন্তু টেনিসে ম্যাচ ফিক্সিংয়ের এমন বিস্ময়কর অভিযোগ আগে কখনো ওঠেনি। এবার জানা গেল, অভিজাত এই খেলাটিকেও ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছে পাতানো ম্যাচের বিষবৃক্ষ!
গতকাল প্রকাশিত বিবিসি ও বাজফিডের প্রতিবেদেন বলা হয়েছে, তাদের কাছে আসা কিছু নথি থেকে দেখা যাচ্ছে, শীর্ষ পর্যায়ের টেনিসেও ম্যাচ ফিক্সিং শেকড় গেড়েছে। গত এক দশকে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ জনের কমপক্ষে ১৬ জন খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন, যাঁদের মধ্যে গ্র্যান্ড স্লামজয়ীরাও আছেন। এই ১৬ জনের ৮ জন খেলছেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও! এমনকি উইম্বলডনেও ফিক্সিং করেছেন কেউ কেউ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন এমন একজনের বিরুদ্ধে তো কয়েকবার তাঁর ম্যাচের প্রথম সেট পাতানোর অভিযোগ আছে! অথচ এঁদের কারও বিরুদ্ধেই কোনো শাস্তিমূলক বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টেনিসের সর্বোচ্চ সংস্থা অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস (এটিপি) ২০০৭ সালে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। যে কমিটির মূল কাজ ছিল ওই বছরই অরেঞ্জ প্রো-কম ওপেনের দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোর বিপক্ষে আর্জেন্টিনার মার্টিন ভাসাল্লো আরগুয়েলোর একটি ম্যাচের ব্যাপারে তদন্ত করা। ওই ম্যাচটি নিয়ে রাশিয়ায় বিশাল বেটিং হয়েছিল। ওই সময়কার র্যাঙ্কিংয়ের ৪ নম্বর ডেভিডেঙ্কো সেই ম্যাচের মাঝপথে চোটের ছুতোয় অবসর নিয়েছিলেন। ধারণা করা হয় ম্যাচটি পাতানোই ছিল। যদিও তদন্তে ওই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত কমিটির সামনে বেরিয়ে আসে ফিক্সিংয়ের এক অন্ধকার জগৎ।
প্রতিবেদন অনুযায়ী কমিটি রাশিয়া, ইতালির উত্তরাঞ্চল এবং সিসিলিতে বাজিকরদের একটি বিশাল সিন্ডিকেটের সন্ধান পায়। যারা বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের জন্য হাজার হাজার ডলার ঢেলেছে। পাতানো ম্যাচগুলোর তিনটি হয়েছে টেনিসের সবচেয়ে সম্মানজনক ও পুরোনো টুর্নামেন্ট উইম্বলডনেও। বিবিসি ও বাজফিডের দাবি, খেলোয়াড়দের সঙ্গে তাঁদের হোটেলকক্ষে যোগাযোগ করা হয়। প্রতিটি ম্যাচ ফিক্স করতে খেলোয়াড়দের ৫০ হাজার ডলার বা তারও বেশি অর্থ প্রস্তাব করা হয়। বিবিসি জানিয়েছে, ওই তদন্তের ভিত্তিতে ২০০৮ সালে এটিপির কাছে ২৮ জন খেলোয়াড়ের জড়িত থাকার অভিযোগ এনে পূর্ণ তদন্তের সুপারিশ করা হয়। কিন্তু এ ব্যাপারে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি এটিপি। ২০০৯ সালে বিশ্ব টেনিসের এই সর্বোচ্চ সংস্থা নতুন দুর্নীতি দমন আইন তৈরি করে। এর ফলে আগে ওঠা অভিযোগের ব্যাপারে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০০৮ সালের ওই প্রতিবেদনে নাম থাকা সন্দেহভাজন খেলোয়াড়দের বিষয়েও আর কোনো তদন্তও চালানো হয়নি। তাঁরা খেলা চালিয়ে গেছেন নির্বিঘ্নে!
বিবিসি ও বাজফিডের দাবি, তাদের হাতে সন্দেহভাজন খেলোয়াড়দের নাম আছে। বেটিং সিন্ডিকেটের নাম আছে। কিন্তু তারা খেলোয়াড়দের নাম প্রকাশ করতে চাইছে না এই কারণে যে, এই খেলোয়াড়দের ফোন, ব্যাংক ও কম্পিউটারে রাখা তথ্য তদন্ত না করলে তারা প্রকৃতই ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন কি না, তা জানা সম্ভব নয়। তাদের সেই ক্ষমতা নেই, তবে সেই ক্ষমতা আছে টেনিসের নৈতিকতা কমিটির (টেনিস ইন্টেগ্রিটি ইউনিট)।
অবশ্য প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাল এটিপি সভাপতি ক্রিস কারমোড বলছেন, ‘টিআইইউ ও টেনিস কর্তৃপক্ষ ম্যাচ ফিক্সিং ধামাচাপা দেওয়া কিংবা তদন্ত না করার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছে। এটাও সত্যি না যে, আমরা প্রমাণ হাতে নিয়ে বসে আছি। তথ্য এবং প্রমাণ, এই দুইয়ের মাঝে পার্থক্যটা বুঝতে হবে আমাদের। প্রমাণ হাতে আসলেই ব্যবস্থা নেব আমরা।’
২০০৭ সালে গঠিত তদন্ত কমিটিতে থাকা মার্ক ফিলিপসের দাবি, ‘ওই সময় আমরা মোট ১০ জন খেলোয়াড়কে চিহ্নিত করেছিলাম। এরাই টেনিসে ম্যাচ পাতানোর সমস্যা ছড়ানোর মূলে কাজ করেছে বলে আমাদের বিশ্বাস। এদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণও আছে। আর সেগুলো এতটাই শক্তিশালী যে, তা আমাদের সমস্যার মূলে নিয়ে যেতে সাহায্য করবে।’
প্রশ্ন হচ্ছে, এটিপি কিংবা টিআইইউ কি আসলেই এ সমস্যার মূলে যেতে চায়? বিবিসি, রয়টার্স।
গত এক দশকে র্যা ঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর কমপক্ষে ১৬ জন খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন, যাঁদের মধ্যে আছেন অনেক গ্র্যান্ড স্লামজয়ীও।
এই ১৬ জনের ৮ জন খেলছেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও!
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন এমন একজন খেলোয়াড়ের বিরুদ্ধে বেশ কয়েকবার তাঁর ম্যাচের প্রথম সেট পাতানোর অভিযোগ আছে!
যে ম্যাচগুলো পাতানো হয়েছে, সেগুলোর তিনটি হয়েছে টেনিসের সবচেয়ে সম্মানজনক ও পুরোনো টুর্নামেন্ট উইম্বলডনেও।
রাশিয়া, ইতালির উত্তরাঞ্চল এবং সিসিলিতে আছে টেনিস বাজিকরদের বিশাল সিন্ডিকেট, যারা প্রতিটি ম্যাচ পাতাতে গড়ে ৫০ হাজার ডলার বা তারও বেশি অর্থ প্রস্তাব করেন খেলোয়াড়দের।
তদন্তের ভিত্তিতে ২০০৮ সালে এটিপির কাছে ২৮ জন খেলোয়াড়ের জড়িত থাকার অভিযোগ এনে পূর্ণ তদন্তের সুপারিশ করা হয়। কিন্তু এ ব্যাপারে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি এটিপি।