টেনিসেও ম্যাচ পাতানো কেলেঙ্কারির ভয়াবহ ক্ষত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিসেও থাবা বসিয়েছে জুয়াড়িরা! ফাইল ছবি
টেনিসেও থাবা বসিয়েছে জুয়াড়িরা! ফাইল ছবি

পাতানো খেলার বিষবৃক্ষ শেকড় ছড়িয়েছিল ক্রিকেটে। ক্রিকেটের ভয়াবহ অন্ধকার জগতের খোঁজ মিলেছিল। এর পর ওলটপালট হলো ফুটবলেও। যেকোনো খেলার মূল রোমাঞ্চ এখানে, এর ফল কী হবে কেউ জানে না। অথচ আগে থেকেই ঠিক হয়ে রাখা হলো সেই খেলার ফল! এবার জানা গেল, সত্যিকারের ভদ্রলোকের খেলা টেনিসেও আছে ম্যাচ পাতানোর ভয়াবহ, দগদগে এক ক্ষত!


অস্ট্রেলীয় ওপেন শুরুর লগ্নেই বিবিসি ও বাজফিডে প্রকাশিত খবর হইচই ফেলে দিয়েছে টেনিস দুনিয়ায়। বার্তা সংস্থা রয়টার্সও বলছে, টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম ৫০-এর মধ্যে থাকা ১৬ জন টেনিস তারকা পাতানো খেলার সঙ্গে জড়িত। এর মধ্যে আছেন টেনিসের শীর্ষ টুর্নামেন্ট গ্র্যান্ড স্লামজয়ীরাও! সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী ও গৌরবের টুর্নামেন্ট উইম্বলডনেও ম্যাচ পাতানো হয়েছে!

বিবিসি ও বাজফিডের দাবি, পুরুষ টেনিসের পেশাদার সংগঠন এটিপির একটি তদন্ত প্রতিবেদন তাদের হাতে এসেছে। ২০০৭ সালে গঠিত সেই তদন্ত কমিটির প্রতিবেদনে বিশ্ব টেনিসের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি ও খেলোয়াড়দের ম্যাচ পাতানোর অনেক তথ্য প্রমাণই আছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে এটিপি গঠিত তদন্ত কমিটি বিভিন্ন বিষয়ে তথ্যানুসন্ধান করে যে প্রতিবেদনটি প্রকাশ করেছিল, তাতে রাশিয়া, ইতালি ও সিসিলিতে বেটিং (বাজিকর) সিন্ডিকেটের সন্ধান পাওয়ার কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে সন্দেহ করা হয়েছে, সেই বেটিং সিন্ডিকেট টেনিস খেলাকে কেন্দ্র করে কোটি কোটি ডলারের ব্যবসায় ফেঁদে বসেছে।

বিবিসির সেই খবরে বলা হয়, গত এক দশকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ জনের মধ্যে থাকা ১৬ জন খেলোয়াড়ের সন্দেহজনক গতিবিধির ব্যাপারে বেশ কয়েকবারই জানানো হয়েছে টেনিসের দুর্নীতি দমন সংস্থা—টেনিস ইনটিগ্রিটি ইউনিটকে (টিআইইউ)। কিন্তু টিআইইউ হয় এ ব্যাপারে সঠিকভাবে তদন্ত চালাতে ব্যর্থ হয়েছে, অথবা তারা এই ১৬ খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

সন্দেহভাজন এই ১৬ তারকার মধ্যে টেনিসের সবচেয়ে বড় প্রতিযোগিতা—গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকাও আছে বলে দাবি করেছে বিবিসি ও বাজফিড। তারা অবশ্য এই ১৬ টেনিস তারকার নাম প্রকাশ করেনি। তারা বলেছে, ব্যাংক হিসাব, ফোন ও কম্পিউটার অনুসন্ধান ছাড়া এই ১৬ খেলোয়াড়ের নাম প্রকাশ করা সম্ভব নয়। এতে করে এর মধ্যে কেউ নিরপরাধ হলে তিনিও মানুষের সন্দেহের দৃষ্টিতে পড়ে যাবে। তবে এটিপির তদন্ত কমিটির প্রতিবেদনে এই ১৬ টেনিস খেলোয়াড়ের নাম আছে বলে ধারণা করা হচ্ছে।

টেনিসের সবচেয়ে বড় টুর্নামেন্ট উইম্বলডনেও ম্যাচ পাতানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ২০০৮ সালে প্রকাশিত এক গোপন প্রতিবেদনের কথা উল্লেখ করেছে বিবিসি ও বাজফিডের সেই প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় ২৮ জন টেনিস খেলোয়াড়ের দিকে কড়া নজর রাখার সুপারিশ করা হয়েছিল। পরে এ বিষয়টি পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হয়।

এদিকে, টিআইইউ ও এটিপি অবশ্য টেনিসের দুর্নীতির তদন্তে নিজেদের ব্যর্থতার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এটিপি প্রধান ক্রিস কারমোড বলেছেন, ‘আমরা কোনোভাবেই দুর্নীতিকে হালকাভাবে নিই না। ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ চেপে যাওয়া হয়েছে, এমন অভিযোগ সত্যি নয়।’

২০০৯ সালে এটিপি টেনিসে একটি নতুন দুর্নীতি-বিরোধী নীতিমালা প্রণয়ন করে। সেখানে পুরোনো অভিযোগগুলোর বিষয়ে নতুন করে তদন্ত করার ব্যাপারে নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু এত আগে তদন্ত করা হলেও এ ব্যাপারটি না জানিয়ে কেন উল্টো চেপে যাওয়া হলো, এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সূত্র: রয়টার্স।