টেনিসের নিচের ধাপে ভয়াবহ ফিক্সিং!
ম্যাচ পাতানোর খবরে তোলপাড় টেনিস বিশ্ব। এরপরও টেনিসের নৈতিকতা ইউনিট (টিআইইউ) অবশ্য দাবি করে যাচ্ছে, তাদের কাছে ফিক্সিংয়ের কোনো প্রমাণ নেই। ফিক্সিংয়ের তথ্য পেয়ে তারা কখনো কিছু ধামাচাপাও দেয়নি। তবে এই নৈতিকতা ইউনিটের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক ক্রীড়া নিরাপত্তা সংস্থার (আইসিএসএস) নৈতিকতা বিভাগের পরিচালক ক্রিস ইটন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, টেনিসের দ্বিতীয় ও এর নিচের ধাপগুলোতে যে ফিক্সিং ভয়ংকর আকার ধারণ করেছে সেই প্রমাণ পেয়েছেন তাঁরা তাঁদের জরিপেও।
গত সোমবার বিবিসি ও বাজফিডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ের টেনিসেও ম্যাচ ফিক্সিং শিকড় গেড়েছে। গত এক দশকে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ জনের কমপক্ষে ১৬ জন খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন, যাঁদের মধ্যে গ্র্যান্ড স্লামজয়ীরাও আছেন। এই ১৬ জনের ৮ জন খেলছেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও! এমনকি উইম্বলডনেও পাতানো খেলেছেন কেউ কেউ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন এমন একজনের বিরুদ্ধে তো কয়েকবার তাঁর ম্যাচের প্রথম সেট পাতানোর অভিযোগ আছে! অথচ এঁদের কারও বিরুদ্ধেই শাস্তিমূলক বা সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি টিআইইউ।
আইসিএসএসের নৈতিকতা বিভাগের পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে ইটন দীর্ঘদিন ফিফার নিরাপত্তা প্রধান হিসেবেও কাজ করেছেন। তাঁর দাবি, বেটিং নিয়ে পেশাদার গবেষণার পর তাঁরা দেখতে পেয়েছেন, টেনিসের সর্বোচ্চ পর্যায়ে কোনো অনিয়ম হচ্ছে না। এর কারণ হিসেবে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলোয়াড়েরা যথেষ্ট পারিশ্রমিকই পাচ্ছেন। তবে সর্বোচ্চ পর্যায়ের নিচের ধাপগুলোতে একেবারে উল্টো ছবি। ইটন বলেছেন, ‘দ্বিতীয় ও এর নিচের ধাপগুলোতে ফিক্সিংয়ের মাত্রা ভয়ংকর এবং এটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এমন না যে এই অনিয়মের ব্যাপারটি শুধু আমাদের সংস্থাই জানে।’
তার মানে কি ইটন ইঙ্গিত দিলেন, টেনিসের নৈতিকতা ইউনিট (টিআইইউ) এসব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না? তাঁর পরের বক্তব্যে সেই ইঙ্গিত আরও স্পষ্ট, ‘নৈতিকতার সংজ্ঞার মধ্যেই উন্মুক্ত থাকা ও স্বচ্ছতার বিষয়টি আছে। কিন্তু টিআইইউতে এর কোনোটাই নেই। আড়ালে থেকে কাজ করতে গিয়ে ওদের যেটা মূল কাজ সেটাই তারা করতে পারছে না।’
আর এ জন্য টেনিসে নতুন এবং সত্যিকারের ‘নৈতিক’ একটা নৈতিকতা কমিটিও চেয়েছেন এই ক্রীড়া প্রশাসক। এএফপি।