
নিউইয়র্কের বিলি জিন কিং ন্যাশনাল সেন্টারে ফ্লাভিয়া পেনেত্তার হাতে ট্রফিটা উঠল। পাশ থেকে খুশিতে হাততালি দিয়ে উঠলেন রবার্তা ভিঞ্চি। কোর্টে একটু আগেই যাঁকে হারিয়ে ট্রফিটা জিতেছেন, সেই ভিঞ্চিকে আলিঙ্গনে বাঁধলেন পেনেত্তা। দুজনে মিলেই ক্যামেরার সামনে একের পর এক পোজ দিতে লাগলেন। মজা করে ভিঞ্চি কেড়ে নিলেন পেনেত্তার প্রাইজমানির চেকটা আর একপর্যায়ে হাতে তুলে নিলেন ইউএস ওপেনের ট্রফিটা! আলোকচিত্রীরা এই ছবিটাও ফ্রেমে ধরে রাখতে নিশ্চয়ই ভুল করেননি! এসব দেখে কে বুঝতে পারবে, এবারের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ভিঞ্চি নন, ফ্লাভিয়া পেনেত্তা!
শুরুর আগে থেকেই তো ফাইনালের আবহে যত না লড়াইয়ের দামামা ছিল, তার চেয়ে বেশি বেজেছে বন্ধুত্বের সানাই। ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে ৩৩ বছর বয়সী পেনেত্তার এই জয়টা মেয়েদের টেনিসে নতুন ইতিহাস লিখল। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী গ্র্যান্ড স্লামজয়ী নারী এখন পেনেত্তাই। তবে এই ইতিহাস আর রেকর্ড ছাপিয়ে দুজনের বন্ধুত্ব, ম্যাচের মাঝে খুনসুটি আর শেষের আবেগটাই বেশি ছুঁয়ে গেল দর্শকদের। সেই আবেগ বাড়তি মাত্রা পেল যখন জয় উদ্যাপনের মাঝেই টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন পেনেত্তা, ‘এভাবেই আমি টেনিসকে বিদায় বলতে চাই। আমি সত্যিই আনন্দিত। সব খেলোয়াড় এটাই চায়, বড় ট্রফি জিতে বিদায় নিতে। ইউএস ওপেনে এটাই আমার শেষ ম্যাচ ছিল। এর চেয়ে ভালোভাবে শেষ করার কথা আমি চিন্তাও করতে পারি না। যদি আমি কীভাবে বিদায় নিতে চাই সেই স্বপ্ন দেখতাম, সেটা এ রকমই হতো।’
এই সিদ্ধান্তটাও নাকি কাল ঘোষণা দেওয়ার আগে জানতেন শুধু ভিঞ্চি! দুই ইতালিয়ান বন্ধু নয় বছর বয়স থেকে একসঙ্গে খেলছেন, ফেড কাপে দুজন সতীর্থ, ক্যারিয়ারের শুরুতে দীর্ঘদিন দুজন এক বাড়িতে একই রুমে থাকতেন। এমন বন্ধুকেই তো সবার আগে মনের কথা বলবেন পেনেত্তা!
প্রথমে ধারণা করা হয়েছিল, কোর্টকেই হয়তো বিদায় বললেন। আসলে তা নয়, পরে সংবাদ সম্মেলনে পেনেত্তা পরিষ্কার করেছেন, বছরের শেষ পর্যন্ত খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন। অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন আসলে আগেই, ‘গত মাসে টরন্টোতে (রজার্স কাপ) আমি বুঝতে পেরেছিলাম, সময় হয়ে গেছে। আমার জন্য প্রতিদ্বন্দ্বিতা করাই মাঝেমধ্যে কঠিন হয়ে যাচ্ছিল। আজ হারজিত যা-ই হতো, বদলাত না কিছুই। আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।’
পেনেত্তার উপলব্ধি ওই সিদ্ধান্তটা তাঁকে ইউএস ওপেনে নির্ভার হয়ে খেলতে সাহায্য করেছে, ‘হয়তো এ কারণেই আমি আজ এখানে, চ্যাম্পিয়ন হিসেবে। এটা আমার ওপর থেকে অনেক চাপ কমিয়ে দেয়। আমি প্রতিটি ম্যাচই আমার শেষ ধরে নিয়ে খেলছিলাম।’
মানসিকতাটা এমন ছিল বলেই এ টুর্নামেন্ট নিয়ে তাঁর কোনো বাড়তি প্রত্যাশা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? পেনেত্তা হাসলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার কথা তো কল্পনাতেও ছিল না। সেটা যখন সত্যি হয়ে গেল, আমার কাছে এর চেয়ে বিস্ময় আর কী হতে পারে! আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এক নম্বর হওয়ার স্বপ্ন দেখতাম। রোমে ট্রফি জেতার কথা ভাবতাম। গ্র্যান্ড স্লাম জেতায় আরেকটু ভালো হলো।’
বিজয়ী পেনেত্তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সেরেনা উইলিয়ামস, সেমিফাইনালে যাঁকে হারিয়ে মেয়েদের টেনিসের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়েছেন ভিঞ্চি। ফাইনালে সেই ভিঞ্চিই হেরে একটুও আক্ষেপ করেননি, বরং তাঁকে যেন লাগল পৃথিবীর সবচেয়ে আনন্দিত প্রতিপক্ষ, ‘এত দিন ধরে যাকে চিনি তার বিপক্ষে খেলা আসলেই কঠিন। গত ২৪ ঘণ্টায় আমি এটা নিয়ে অনেক ভেবেছি। আমি খুবই খুশি যে ফ্লাভিয়া জিতেছে। অনেক অভিনন্দন তাকে।’ এএফপি, রয়টার্স।