ডোপিং বিতর্ক ও ক্ষুব্ধ দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো ফারাহ ও রাফায়েল নাদাল
মো ফারাহ ও রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল তো বেশ খেপেছেন। কিছুটা খ্যাপা মো ফারাহও। কারণ আছে বৈকি! না বুঝে মিথ্যা প্রচারণার ফাঁদে পা দিয়ে অনেকেই যে ভুল বুঝছেন তাঁদের। ভুল বুঝছেন আরও অনেক অ্যাথলেটকে।
কী নিয়ে ভুল-বোঝাবুঝি? প্রচারণা চলছে নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন নাদাল-মো ফারাহরা, আর সেটার অনুমতি দিয়েছে খোদ বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা)। ওয়াডার ডেটাবেইস থেকেই এ প্রমাণ পাওয়া গেছে!
গোপনীয় এ নথিগুলো সম্প্রতি ফাঁস করেছে রাশিয়ার হ্যাকার গ্রুপ ‘ফ্যান্সি বিয়ারস’। ডোপ পাপের কারণে রাশিয়ার শতাধিক অ্যাথলেট রিও অলিম্পিকে নিষিদ্ধ হওয়ার পর থেকেই খেপে আছে তারা। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে দাবি রাশিয়ানদের। সেই দাবি প্রমাণ করতেই এখন বিশ্ব ডোপবিরোধী সংস্থার ডেটাবেইস হ্যাক করে একের পর এক বিভিন্ন গোপনীয় তথ্য ফাঁস করে যাচ্ছে ফ্যান্সি বিয়ারস হ্যাকার গ্রুপ। যেখানে নিষিদ্ধ ড্রাগ গ্রহণকারী অ্যাথলেট হিসেবে নাদাল, মো ফারাহ ছাড়াও নাম এসেছে গলফার জাস্টিন রোজ, ডাবল অলিম্পিক রোয়িং চ্যাম্পিয়ন হেলেন গ্রোভারসহ এখন পর্যন্ত মোট ৬০ জনের।
তবে নিষিদ্ধ ড্রাগ নিলেও এই কাজটা আসলে অপরাধ নয়! ওয়াডাই অনুমতি দেয় অ্যাথলেটদের এই নিষিদ্ধ ড্রাগ নেওয়ার। এই প্রক্রিয়াটাকে বলা হয় ‘থেরাপিউটিক ইউজ এক্সেমশন (টিইউই)’। অনেক সময় অ্যাথলেটদের চিকিৎসার জন্য এমন ওষুধ নিতে হয়, যেটি ওয়াডার তালিকায় নিষিদ্ধ। বিশেষ ব্যবস্থায় তখন চিকিৎসকের অনুমতি ও অসুস্থতার প্রমাণ সাপেক্ষে ওয়াডা সেই অ্যাথলেটকে অনুমতি দেয় ওই ওষুধ নেওয়ার। আর এই রকম অ্যাথলেটদের তালিকা সংরক্ষণ করে রাখা হয় ওয়াডার নিজস্ব ডেটাবেইসে। পুরো প্রক্রিয়াটাই একেবারে স্বচ্ছ এবং এর মধ্যে অনৈতিক কিছু নেই। ফ্যান্সি বিয়ারস হ্যাকার গ্রুপ এই রকমই কিছু অ্যাথলেটের তালিকা প্রকাশ করে যাচ্ছে। আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কো-ও তাই বলেছেন, ‘এ নিয়ে উদ্বেগের কিছু নেই। টিইউই একটি ভালো প্রক্রিয়া।’ একই সঙ্গে তিনি গোপন নথি ফাঁস করার নিন্দাও জানিয়েছেন।

নাদাল অবশ্য শুধু নিন্দা নয়, কাল স্প্যানিশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভই জানালেন। টেনিসে ডোপ কেলেঙ্কারির খবর প্রকাশের পর ডোপিংয়ের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন, আর তাঁর নামই কিনা জড়িয়ে গেল ডোপিংয়ের সঙ্গে! নাদালের রাগটা এ কারণেই হয়তো আরও বেশি, ‘আপনি যখন চিকিৎসাজনিত কারণে কোনো কিছু নেওয়ার অনুমতি চান এবং ওয়াডা সেটার অনুমতি দেয়, তখন সেটা নিষিদ্ধ হয় কী করে? এটা কোনো খবরই নয়। এগুলো গায়ে জ্বালা ধরানো কাজ।’

তালিকায় লন্ডন ও রিও দুই অলিম্পিকেই ৫ হাজার ও ১০ হাজার মিটারের ‘ডাবল’ জেতা মো ফারাহর নাম আসায় অনেকেই ভুল বুঝছেন তাঁকে। বিশেষ করে যাঁরা প্রক্রিয়াটি সম্পর্কে কিছুই জানেন না, তাঁদের জ্ঞাতার্থে মো ফারাহর মুখপাত্রও কাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মো ফারাহর চিকিৎসার সবকিছুই ব্রিটিশ অ্যাথলেটিকস ফেডারেশনের তত্ত্বাবধানে হয়। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে মাত্র দুবার টিইউই নিতে হয়েছে। এ নিয়ে ওর লুকানোর কিছু নেই।’ ডেইলি মেইল, বিবিসি।