তবু ফেদেরারের বাজি জোকোভিচ

একে তো দুর্দান্ত ফর্ম, তার ওপর টানা তিনবারের চ্যাম্পিয়ন—নিরঙ্কুশ ফেবারিট হিসেবেই ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস শুরু করেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু তাঁর আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনাকে পরশু প্রশ্নবিদ্ধ করে তুললেন রজার ফেদেরার। হারিয়ে দিলেন ২০১২ সাল থেকে ইনডোর সার্কিটে অপরাজিত থাকা জোকোভিচকে। ম্যাচটি ৭-৫, ৬-২ গেমে জিতে টুর্নামেন্ট জয়েরই দাবিটা জানিয়ে দিলেন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার। জোকোভিচকে শেষ চারে উঠতে হলে গ্রুপ পর্বে আজ চেক প্রতিযোগী টমাস বার্ডিচের বিপক্ষে জিততেই হবে। টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর পরশুর হারে জোকোভিচের আত্মবিশ্বাস নড়ে গেছে কি না কে জানে! তবে ফেদেরারের বিশ্বাস, এখনো ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সম্ভাব্য চ্যাম্পিয়ন জোকোভিচই, ‘আমার কাছে এখনো জোকোভিচই টুর্নামেন্টের ফেবারিট। তার পরের ম্যাচটি বার্ডিচের বিপক্ষে, যেখানে সে নিরঙ্কুশ ফেবারিট। ওই ম্যাচ দিয়েই সে জায়গা করে নেবে সেমিফাইনালে।’ এরপরই আসল জোকোভিচকে দেখা যাবে বলে বিশ্বাস ফেদেরারের, ‘আমি যতটুকু জোকোভিচকে জানি, এরপর তাকে হারানোটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।’
ফাইনালে যদি আবারও দেখা হয় দুজনের, অন্তত একটা দিক দিয়ে এগিয়ে থাকবেন ফেদেরার। মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের জয় হলো ২২ বার, আর জোকোভিচ জিতেছেন ২১ বার। এএফপি, রয়টার্স।