
উইম্বলডন শুরু হতে তখনো এক সপ্তাহ বাকি। প্রেমিক ররি ম্যাকইলরয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে কয়েক সপ্তাহ আগে। হঠাৎ এক রাতে খাবারের টেবিলে বসে ক্যারোলিন ওজনিয়াকি সিদ্ধান্ত নিলেন, আগামী নিউইয়র্ক ম্যারাথনে দৌড়াবেন তিনি! সেই নিউইয়র্ক ম্যারাথনের সময় ঘনিয়ে এসেছে। ওটা হবে ২ নভেম্বর। তার আগে ওজনিয়াকির একটু নার্ভাসই লাগছে, ‘আমি কিছুটা নার্ভাস। এই প্রথম এত দূর দৌড়াব। এক অবিশ্বাস্য অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেওয়ার জন্য আমি উন্মুখ।’
শরীর ফিট রাখার জন্য নিয়মিতই দৌড়ান ক্যারোলিন ওজনিয়াকি। আগে টেনিস অনুশীলনের পাশাপাশি দৌড়াতেন দিনে ৩০ থেকে ৪০ মিনিট। কিন্তু ২ নভেম্বর নিউইয়র্ক ম্যারাথনে যে দৌড়াতে হবে ২৬.২ মাইল! ম্যারাথনে অংশ নেবেন বলে অনুশীলনের সময়টাকে বাড়িয়ে নিলেন। কতটুকু কঠোর পরিশ্রম করেছেন, তা ওজনিয়াকির মুখেই শুনুন, ‘আমার কিছু স্বপ্ন ছিল যেগুলো পূরণ করতে হয়তো হুইলচেয়ারই লাগবে শেষ পর্যন্ত!’
সেপ্টেম্বর থেকে শুরু অনুশীলন। বছর শেষের টুর্নামেন্টের আগে এশিয়ায় টুর্নামেন্ট খেলেছেন চারটি। সিঙ্গাপুর আর বেইজিং টুর্নামেন্টের বিরতিতে কঠোর পরিশ্রমের পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। ১৩ মাইলের একটি মিনি ম্যারাথন শেষ করেছেন ভালোভাবেই। টেনিসের অনুশীলনের সঙ্গে ম্যারাথনের অনুশীলন, সংশয় ছিল কোনো চোটের না আবার শিকার হন! না, অনাহূত কোনো চোটের শিকার তিনি হননি। সিঙ্গাপুরে বছর শেষের ডব্লুটিএ টুর্নামেন্টে শারাপোভাকে তিন ঘণ্টারও বেশি লম্বা এক ম্যাচে হারানোর পর বললেন, ‘আরও কিছু সময় খেলা চালিয়ে যাওয়ার শক্তি ছিল আমার!’
এর আগে আগস্টে একটি সাক্ষাৎকারে ওজনিয়াকি বলেছিলেন, ‘যখন একটা বিষয় মাথায় ঢুকে যায়, সেটা করে না দেখানোর আগ পর্যন্ত স্বস্তি পাই না।’ ওজনিয়াকি নিজের মনের কথা শোনেন। শোনেন বলেই ক্ষেত্রবিশেষে তা পাগলামি বলেও গণ্য হয়। নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেওয়াটাও কেউ কেউ তাঁর একটা পাগলামি বলে ভাবছে কি না কে জানে! তবে এ নিয়ে ওজনিয়াকির নিজস্ব একটা দর্শনও আছে, ‘আপনার তা-ই করা উচিত, যা আপনি করতে চান। জীবনটা খুব ছোট। এর মধ্যেই ভালো লাগার কাজগুলো করে ফেলা উচিত। কখনো কখনো আপনাকে একটু পাগলাটে হতে হবে এবং অবশ্যই তা ভালো কাজে।’ এর আগেই অবশ্য পাগলামিকে ভালো কাজে লাগানোর উদাহরণ গড়েছেন ওজনিয়াকি। শিশুদের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে কাজ করা টিম ফর কিডসের হয়ে দূরপাল্লার দৌড়ে অংশ নিয়ে তুলেছেন পঞ্চাশ হাজার ডলার।
সুতরাং পাগলামি থেকে যদি ভালো কিছু হয়, পাগলামি করতে ক্ষতি কী! এএফপি, নিউইয়র্ক পোস্ট।