রজার ফেদেরার। টেনিসের মহাতারকা। তাঁর খেলা দেখতে দেখতে বুঁদ হয়ে যান কোটি কোটি টেনিস-ভক্ত। ফেদেরারকে একটু দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য কিংবা একটা অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক দূর যেতে রাজি ভক্তরা। সেই ফেদেরার নিজেই ভক্ত বনে গেলেন পরশু। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক খেলছিলেন স্পেনের মার্সেল গ্রানোলার্সের বিপক্ষে। সুজান লেংলেন কোর্টের গ্যালারিতে হাজির বিশেষ একজন—অ্যাঙ্গাস ইয়াং। বর্ষীয়ান ভদ্রলোক অস্ট্রেলিয়ার বিখ্যাত রক ব্যান্ড এসি/ডিসির গিটারিস্ট। খেলা দেখতে এসেছেন ইয়াং, এসি/ডিসির পাঁড়ভক্ত ফেদেরার তাঁকে দেখে হলেন আপ্লুত। গ্রেনোলার্সকে হারানোর পর সুইস তারকা স্মরণ করলেন পুরোনো দিনের কথা, ‘আমি দুবার ওঁদের কনসার্টে গেছি। একবার ১৫ বছর বয়সে, সেবার দেখাও করেছিলাম। ওই সময় আমার লম্বা চুল ছিল। আমি জানি না তাঁর মনে আছে কি না। এখানে তাঁকে দেখতে পাওয়াটা সত্যিই আনন্দের।’ এএফপি।