তারপরও জিতলেন জোকোভিচই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো স্টেডিয়ামই যেন ছিল রজার ফেদেরারের সমর্থক। আর সেখানেই রজার ফেদেরারকে হারিয়ে জিতলেন দশম গ্র্যান্ড স্লাম। ট্রফিতে চুমু এঁকে ইউএস ওপেনের সাফল্য উদ্‌যাপন করলেন নোভাক জোকোভিচ l রয়টার্স
পুরো স্টেডিয়ামই যেন ছিল রজার ফেদেরারের সমর্থক। আর সেখানেই রজার ফেদেরারকে হারিয়ে জিতলেন দশম গ্র্যান্ড স্লাম। ট্রফিতে চুমু এঁকে ইউএস ওপেনের সাফল্য উদ্‌যাপন করলেন নোভাক জোকোভিচ l রয়টার্স

লড়ার কথা ছিল শুধু রজার ফেদেরারের বিপক্ষে। জোকোভিচ কোর্টে নামার পর বুঝলেন, তাঁকে লড়তে হবে প্রায় ২৩ হাজার ৭০০ জনের বিপক্ষে। বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের গ্যালারি শুরু থেকেই উত্তাল ‘রজাহ্’ ‘রজাহ্’ চিৎকারে!
না, ওঁরা কেউ জোকোভিচ-বিদ্বেষী নন। শুধু ফেদেরারের পক্ষে ছিলেন, এই যা! সেই ফেদেরার, যিনি ফ্লাশিং মিডোতে রাজত্ব করেছেন ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৫ বছর। ভালোবাসা পেয়ে ফ্লাশিং মিডোর দর্শকদের কাছে ‘রজার ফেদেরার’ থেকে হয়ে উঠেছেন প্রিয় ‘রজাহ্’। ওঁদের সেই ‘রজাহ্’ ২০০৯ সালের পর আরও একবার ইউএস ওপেনের ফাইনালে।
ওঁরা কেউই তাই চাননি, রোববার রাতে নোভাক জোকোভিচ জিতুক।
তারপরও জোকোভিচই জিতলেন। খেলা শুরু হওয়ার কথা ছিল নিউইয়র্কের সময় বিকেল ৪টায়। বৃষ্টির কারণে শুরু হলো সন্ধ্যা ৭টারও একটু পরে। ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে ম্যাচ জিতে বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের গ্যালারি চুপ করিয়ে দিতে জোকোভিচের সময় লাগল ৩ ঘণ্টা ২০ মিনিট। ১-১ হয়ে যাওয়ার পর তৃতীয় সেটটা জমে উঠেছিল। কিন্তু গ্যালারি পক্ষে থাকলেও রাতটা আসলে ফেদেরারের ছিল না। নইলে কি আর ম্যাচে ছয়বার ফেদেরারের সার্ভিস ব্রেক করতে পারেন জোকোভিচ! বাঁচিয়ে দিতে পারেন ফেদেরারের পাওয়া ২৩টি ব্রেক পয়েন্টের ১৯টিই!
সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের ১০ নম্বর গ্র্যান্ড স্লাম নিয়ে জোকোভিচ চলে এলেন বিল টিলডেনের পাশে, ১৮তম গ্র্যান্ড স্লাম আরও একবার অধরাই রয়ে গেল ফেদেরারের।
এমন জয়ের পর বৈরী গ্যালারি নিয়ে জোকোভিচ কিছু একটা বলেন কি না, এ নিয়ে সবার কৌতূহল ছিলই। জোকোভিচ একটুও বিরক্ত নন, ‘আমি কখনোই দর্শকদের সমালোচনা করব না। এটা তো খুবই স্বাভাবিক যে, রজার ফেদেরারের মতো একজন কিংবদন্তি এবং চ্যাম্পিয়নের বিপক্ষে আমি যেখানেই খেলি, ও-ই বেশি সমর্থন পাবে। আর এই সমর্থনটা তার পাওনাও। এত সাফল্য ওর! মাঠে ও মাঠের বাইরে যেভাবে নিজেকে উপস্থাপন করে, এতে কোনো প্রশ্ন নেই। আশা করি, আমিও একদিন তার অবস্থানে যেতে পারব।’
এ বছরটা যে রকম কাটিয়েছেন, সামনের বছরগুলোতেও যদি সেই ছন্দটা ধরে রাখতে পারেন, তাহলে গ্র্যান্ড স্লামের সংখ্যায় ফেদেরারকে ছোঁয়া একেবারে অসম্ভব নয়। এ বছর চারটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলে তিনটিই জিতেছেন, হেরেছেন শুধু ফ্রেঞ্চ ওপেনে স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে। জোকোভিচের আগে উন্মুক্ত যুগে এক বছরে চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনাল খেলেছেন মাত্র দুজন। ১৯৬৯ সালে প্রথম এই কীর্তি রড লেভারের। একাধিকবার তা করেছেন শুধু ফেদেরার—২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে।
বছরে জোকোভিচের তিনটি গ্র্যান্ড স্লাম অবশ্য এই প্রথম নয়। তা জিতেছিলেন ২০১১ সালেও। তবে বদলে যাওয়া পারিবারিক জীবনের কারণে এবারের সাফল্যটাই বেশি উপভোগ করছেন, ‘২০১১ সালের পর সম্ভবত এটাই আমার ক্যারিয়ারের সেরা মৌসুম। তবে আগের যেকোনো বছরের চেয়ে এ বছরটা আমি বেশি উপভোগ করছি। কারণ এখন আমি একজন স্বামী, একজন বাবা। এ কারণেই সবকিছু আরও মধুর।’
আর ফেদেরার? উইম্বলডনের ফাইনালে জোকোভিচের কাছে হারের পর থেকে ইউএস ওপেনের ফাইনালের আগ পর্যন্ত টানা ২৮টি সেটে তাঁকে হারাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত সেই হারের স্বাদ পেলেন ফাইনালে, সেই জোকোভিচের বিপক্ষেই! আরও একবার কাছে এসেও ১৮তম গ্র্যান্ড স্লামটা অধরা থেকে যাওয়ায় আক্ষেপ হচ্ছে না? এই প্রশ্নের উত্তরটাই বুঝিয়ে দিল সুইস কিংবদন্তি অন্য ধাতুতে গড়া, ‘আমি যে রকম খেলছি, তাতে খুবই সন্তুষ্ট। আবারও ফাইনালে ফেরা, নোভাকের মতো একজন চ্যাম্পিয়নের বিপক্ষে খেলা খুবই বড় চ্যালেঞ্জ। আমি সেটা উপভোগও করেছি। আমার মনে হয় দারুণ ম্যাচ হয়েছে। হার তো সব সময়ই হতাশার। অনেকগুলো ফাইনাল হারলাম। কিন্তু পাশাপাশি আমি কিছু টুর্নামেন্ট জিতেছিও। বছর তো এখনো শেষ হয়নি। সাধারণত আমি বছরটা ভালোভাবে শেষ করি। আশা করছি, এবারও পারব।’
সব শেষে র্যা কেটটা উঁচু করে ধরে গ্যালারির উদ্দেশে বলেছেন, ‘পরের বছর আবার দেখা হবে।’
ফ্লাশিং মিডোও নিশ্চয়ই আরও একবার ‘রজাহ্’ ‘রজাহ্’ বলে গলা ফাটানোর অপেক্ষাতেই থাকবে। এএফপি, রয়টার্স।

.
.

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (পুরুষ)
১৭ রজার ফেদেরার
১৪ পিট সাম্প্রাস
১৪ রাফায়েল নাদাল
১২ রয় এমারসন
১১ রড লেভার
১১ বিয়ন বোর্গ
১০ বিল টিলডেন
১০ নোভাক জোকোভিচ