দশম বাছাই নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদাল
নাদাল

কোথায় ছিলেন, কোথায় নামলেন! ২৯ জুন শুরু এবারের উইম্বলডনে দশম বাছাই হিসেবে খেলবেন রাফায়েল নাদাল! চলতি বছরটা খুব একটা ভালো যায়নি সাবেক এক নম্বরের। একটি ছাড়া হেরেছেন অংশ নেওয়া সব কটি টুর্নামেন্টেই। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের নিচে নেমে গেছেন। তাঁর বর্তমান র্যাঙ্কিং ১০। ২০০৮ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদালের দশম বাছাই হওয়াটা তাঁর ক্রমাবনতি পারফরম্যান্সেরই ফসল। অল ইংল্যান্ড ক্লাবে গত তিন বছরের পারফরম্যান্সটাও ভালো নয়। এই তিন বছরে দ্বিতীয়, প্রথম এবং চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছেন নাদাল।
উইম্বলডনের পুরুষ বিভাগে শীর্ষ পাঁচ বাছাই হলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, সুইজারল্যান্ডের রজার ফেদেরার, গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে, সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কা ও জাপানের কেই নিশিকোরি। মহিলা বিভাগে আমেরিকার সেরেনা উইলিয়ামস, চেক প্রজাতন্ত্রে পেত্রা কেভিতোভা, রোমানিয়ার সিমোনা হালেপ, রাশিয়ার মারিয়া শারাপোভা এবং ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি আছেন সেরা পাঁচে। এএফপি।