দুই বছর নিষিদ্ধ

ডোপ নেওয়ার অপরাধে গত ১২ মার্চ থেকেই সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন। তবে মারিয়া শারাপোভার সাময়িক সেই নিষেধাজ্ঞা এবার দীর্ঘমেয়াদি হয়ে গেল। দুই বছরের জন্য টেনিস থেকে নিষিদ্ধ হয়েছেন ২৯ বছর বয়সী রুশ টেনিস-কন্যা।
গতকাল এক বিবৃতিতে শারাপোভার এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ)। আইটিএফের স্বাধীন ট্রাইব্যুনালের রায়—শারাপোভা ডোপবিরোধী নিয়ম ভেঙেছেন।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ডোপ পরীক্ষা হয়েছিল শারাপোভার। এই বছরেরই ১ জানুয়ারি থেকে নিষিদ্ধঘোষিত মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছিল তাঁর শরীরে। গত ১২ মার্চ ডোপ পরীক্ষার ফল জানার পর শারাপোভা নিজেই সংবাদ সম্মেলনে প্রথম জানিয়েছিলেন খবরটি। সাময়িক নিষিদ্ধ তিনি সেদিন থেকেই। এরপর থেকে অবশ্য অনেক কিছুই শোনা যাচ্ছিল তাঁর নিষেধাজ্ঞার ব্যাপারে। আলোচনা ছিল, চার বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। আবার শারাপোভা নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁকে অলিম্পিকের দলে নিয়েছিল রাশিয়া। এতে অনেকেই মনে করেছিলেন, দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হয়তো তিনি হচ্ছেন না।
তবে দুটির কোনোটিই নয়, নিষেধাজ্ঞাটা হলো দুই বছরের, যেটি শুরু হচ্ছে ডোপ পরীক্ষার তারিখ ২৬ জানুয়ারি থেকে। শেষ হবে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। তবে এ নিষেধাজ্ঞাও মেনে নিতে পারছেন না শারাপোভা। ফেসবুকে নিজের ফ্যান পেজে দেওয়া প্রতিক্রিয়ায় এ শাস্তিকে ‘অন্যায় রকম কঠোর’ জানিয়ে শারাপোভা লিখেছেন, এর বিরুদ্ধে তিনি লুজানের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন।
পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী ২৯ বছর বয়সী এই রুশ খেলোয়াড়ের খেলার সঙ্গে যোগ হয়েছিল গ্ল্যামার, আর তাতেই তিনি হয়ে উঠেছিলেন টেনিসের অন্যতম জনপ্রিয় তারকা। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত টানা ১১ বছর আয়ের দিক থেকে শারাপোভা ছিলেন শীর্ষ নারী ক্রীড়াবিদ। এএফপি।