নতুন ক্রোট বীর

মাত্র দুই সপ্তাহ। মাঝের এই কয়েকটা দিন কী বিস্ময়করভাবেই না বদলে দিল মারিন চিলিচের জীবন! ২৫ আগস্ট ইউএস ওপেন শুরুর আগে ২৫ বছর বয়সী চিলিচকে নিয়ে খোদ তাঁর দেশ ক্রোয়েশিয়াতেই খুব একটা মাতামাতি ছিল না। যেটির প্রমাণ বলতে পারেন এটিকেও, ফাইনালের আগে ইউএস ওপেন কভার করতে ক্রোয়েশিয়ার কোনো সাংবাদিকই ছিলেন না! পরশু পুরুষ এককের ফাইনালে কেই নিশিকোরিকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জিতে সেই চিলিচই এখন ক্রোয়েশিয়ার জাতীয় বীর।
ক্রোয়েশিয়ার প্রতিটি পত্রিকার প্রথম পাতায় জায়গা করে নিয়েছে দুহাতে ট্রফি উঁচিয়ে ধরা চিলিচের উল্লসিত ছবি। সঙ্গে বাহারি সব বিশেষণে ব্যানার হেডিং। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে হোটেলবয়—সবাই চিলিচের প্রশংসায় পঞ্চমুখ। ক্রোয়েশিয়ার হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন গোরান ইভানিসেভিচ, ২০০১ সালে উইম্বলডনে। ১৩ বছরের অপেক্ষার পর আরেকজন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন পেল দেশটি।
পরশুর আগে দুজনের সর্বশেষ তিন সাক্ষাতেই জিতেছিলেন নিশিকোরি। সব মিলিয়ে সাতবার মুখোমুখিতে নিশিকোরি এগিয়ে ছিলেন ৫-২ ব্যবধানে। সঙ্গে র্যা ঙ্কিংয়েও এগিয়ে থাকায় ফাইনালে একটু হলেও ফেবারিট ছিলেন এই জাপানিই। কিন্তু এসব কিছুকে অর্থহীন প্রমাণ করে চিলিচ ম্যাচটা জিতে নিয়েছেন এক ঘণ্টা ৫৪ মিনিটে। সরাসরি ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে জিততে ‘এইস’ মেরেছেন ১৭টি।
ডোপিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়ায় গত বছর এই ইউএস ওপেন দেখতে হয়েছিল বাড়িতে বসে টেলিভিশনে। বিব্রতকর সেই ঘটনাকে পেছনে ফেলে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়টাকে চিলিচ নিজেই বলছেন, ‘সবকিছু বিবেচনা করলে এটা অলৌকিক।’ র্যা ঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা চিলিচ ছিলেন টুর্নামেন্টের ১৪তম বাছাই। ২০০২ সালে পিট সাম্প্রাসের পর র্যা ঙ্কিংয়ে এত পিছিয়ে থেকে কেউ ইউএস ওপেন জেতেননি। সাম্প্রাস সেবার জিতেছিলেন ১৭ নম্বরে থেকে।
ইভানিসেভিচ তো কোচই। তবে তাঁর কাছে চিলিচের ঋণটা আজকের নয়। ১৩ বছর বয়সী চিলিচকে দেখে টেনিসকেই জীবনের প্রধান লক্ষ্য বানিয়ে ফেলতে অনুপ্রাণিত করেছিলেন ইভানিসেভিচ। এর বছর ছয়েক আগে চিলিচের টেনিসে হাতেখড়ি এক জার্মানিপ্রবাসী চাচাতো ভাইয়ের হাত ধরে। ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনের বালক এককের শিরোপাসহ চারটি শিরোপা জিতে উঠেছিলেন জুনিয়র র্যা ঙ্কিংয়ের দুয়ে। সিনিয়র ক্যারিয়ারে এর আগে বলার মতো সাফল্য বলতে, ২০১০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর সেই চিলিচের চোখে এখন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন।
ফাইনালের দুঃখ ভুলে নিশিকোরিরও চোখ সামনে, ‘হারটা আসলেই কঠিন। তবে প্রথম বার ফাইনালে উঠতে পেরে আমি খুশি। সত্যিই এই সপ্তাহ দুটি ছিল দারুণ আনন্দের। আশা করি আগামী বছর আবার আসতে পারব।’ ফাইনাল হতাশা উপহার দিলেও যা পেয়েছে তাতেই খুশি জাপানিরা। সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যেমন বলেছেন, ‘একজন জাপানি খেলোয়াড় গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠবে, আগে এটা কল্পনাতেও ছিল না। নিশিকোরি এখনো তরুণ। আশা করি সে তার সেরাটা উজাড় করে দিতে থাকবে।’ এএফপি।

মারিন চিলিচ
জন্ম
২৮ সেপ্টেম্বর, ১৯৮৮
জন্মস্থান
মেজুগোরিয়ে, বসনিয়া
বসবাস
মন্টে কার্লো, মোনাকো
উচ্চতা
৬ ফুট ৬ ইঞ্চি
ওজন
৮২ কেজি
র্যা ঙ্কিং
১২
খেলার ধরন
ডানহাতি
কোচ
গোরান ইভানিসেভিচ
ক্যারিয়ার শিরোপা
১২
গ্র্যান্ড স্লাম শিরোপা
১
ক্যারিয়ার প্রাইজমানি
১০৭২২৯৮৯ ডলার
চিলিচের জানা–অজানা
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার জন্য জন্মস্থানের সঙ্গে মিলিয়ে আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোকে ডাকা হয় ‘টানডিলের মিনার’ (দ্য টাওয়ার অব টানডিল)। এই উচ্চতাই গ্র্যান্ড স্লামজয়ীদের মধ্যে আলাদা করে রেখেছিল তাঁকে—সবচেয়ে লম্বা। পরশু পোত্রোর এই ‘কীর্তি’তে ভাগ বসালেন মারিন চিলিচ। ইউএস ওপেনজয়ী এই ক্রোটের উচ্চতাও যে ৬ ফুট ৬ ইঞ্চি!
গোরান ইভানিসেভিচের ২০০১ উইম্বলডন জয়ের পর প্রথম ক্রোট হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন চিলিচ। কাকতালীয় ব্যাপার, চিলিচের ইউএস ওপেনের সাফল্যের পেছনেও পূর্বসূরির হাত—ইভানিসেভিচই তাঁর কোচ!
২০০৩ সালের পর এই প্রথম গ্র্যান্ড স্লাম এক বছরে দুজন নতুন চ্যাম্পিয়ন পেল—স্তানিসলাস ভাভরিঙ্কা (অস্ট্রেলিয়ান ওপেন) ও মারিন চিলিচ। ১১ বছর আগে নতুন দুই চ্যাম্পিয়ন ছিলেন ফ্রেঞ্চ ওপেনে হুয়ান কার্লোস ফেরেরো ও উইম্বলডনে রজার ফেদেরার।
২০০৪ সালে গাস্তোন গাউদিওর (৪৪) পর সবচেয়ে বেশি র্যা ঙ্কিংয়ে থাকা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন চিলিচ।