না খেলেই হার

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে মুখোমুখি রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। র্যাঙ্কিংয়ের এক নম্বর বনাম দুই নম্বরের রোমাঞ্চকর লড়াই দেখতে ‘০২ অ্যারেনা’র ১৭০০০ আসন কানায় কানায় ভর্তি। ম্যাচ শুরু হতে তখন এক ঘণ্টারও কম সময় বাকি। হঠাৎ মাইকে ঘোষণা, পিঠে ব্যথার জন্য ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফেদেরার! সঙ্গে সঙ্গেই দর্শকদের চিৎকার শুরু। স্পোর্টসম্যানশিপের চূড়ান্ত উদাহরণ গড়ে ঘরের ছেলে অ্যান্ডি মারে হাজির হলেন জোকোভিচের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে। ধীরে ধীরে দর্শকদের আবেগ থেকে বাস্তবতায় পদার্পণ, চোটের ওপর তো আর কারও হাত থাকে না! শেষ পর্যন্ত বছরের শেষ টেনিস টুর্নামেন্টের শিরোপা উঠল জোকোভিচের হাতেই।
দর্শকেরা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। উচ্চ মূল্যের টিকিট হয়তো একটা কারণ, ৯৫-৫০০ পাউন্ড খরচ তো আর উঠে এল না! সঙ্গে দুর্দান্ত এক ফাইনাল থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ তো থাকছেই। আক্ষেপটা ফেদেরারেরও কি কম হচ্ছে? বেশ কয়েক দিন ধরেই সার্ভ-ভলি-ব্যাকহ্যান্ডের মিশেলে দেখা যাচ্ছিল সেই পুরোনো বিধ্বংসী ফেদেরারকে। তাই বছরের এমন শেষটা পোড়াচ্ছে সুইস মাস্টারকেও, ‘পুরো বছর ধরে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের জন্য প্রস্তুতি নেওয়ার পর এভাবে সবকিছু শেষ করতে আমি চাইনি। কাল রাতে ও আজ আমি সম্ভাব্য সব কিছুই করেছি—ব্যথানাশক ওষুধ খেয়েছি, বিশ্রাম নিয়েছি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। নোভাকের সঙ্গে এমন শারীরিক অবস্থা নিয়ে এই পর্যায়ে টেনিস খেলা সম্ভব নয়। এই বয়সে এমন একটি ফাইনালে এভাবে খেলাটা খুবই ঝুঁকিপূর্ণ হতো। আশা করি, আপনারা বুঝবেন।’
টানা তৃতীয়বারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুরের শিরোপা জয়। তবে এভাবে জিততে হওয়ায় জোকোভিচ কিছুটা বিব্রত, ‘অবশ্যই আমি এভাবে জিততে চাইনি। রজারের জন্য আমার দুঃখ হচ্ছে। আমি এমন খেলোয়াড় নই যে এমন জয় উদ্যাপন করব। তবে আমার পুরো মৌসুমকেই উদ্যাপন করা উচিত এবং এই শিরোপাটা পুরো মৌসুমের সাফল্যেরই প্রতিবিম্ব।’
প্রতিযোগিতামূলক টেনিসে জয়ের সংখ্যা ৯৯৫, অথচ এই নিয়ে মাত্র তিনবার চোটের কারণে নাম প্রত্যাহার করলেন ফেদেরার। আর এমন সময়েই চোটাঘাত পেলেন, যখন অভাবনীয় এক প্রাপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে। ক্যারিয়ারে ১৭ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন, অথচ এখনো ডেভিস কাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি! শুক্রবার ফ্রান্সের লিলে শুরু হচ্ছে ডেভিস কাপের ফাইনাল। অসংখ্য টেনিস-অনুরাগীর মনে নিশ্চয়ই একটা প্রশ্ন—ফেদেরার খেলছেন তো? এএফপি।