টেনিসে নেই কিন্তু খবরে আছেন! ইনি ইলি নাসতাসে। কদিন আগে, সেরেনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ‘দেখি (বাচ্চার) গায়ের রং কী হয়। দুধ ও চকলেটের মিশেল কি?’ মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন। তারপর ঝামেলা বাধান ফেড কাপে রোমানিয়া-গ্রেট ব্রিটেন ম্যাচে। আম্পায়ারকে গালাগালি করেন, পাশাপাশি ইংলিশ খেলোয়াড় জোহানা কন্তাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন। এ ঘটনার জেরে পরশু উইম্বলডনের আয়োজকেরাও এবার ‘রয়্যাল বক্সে’ নাসতাসেকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে চটেছেন নাসতাসে। কেন এই সিদ্ধান্ত, তা তাঁর কাছে বোধগম্য নয়। ১৯৭৩ সালে টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের বর্জনের কারণে খেলোয়াড়েরা যখন খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তিনি খেলেছিলেন উইম্বলডনে। তাঁর প্রতিদান এই! উইম্বলডন কর্তৃপক্ষকে ‘হীনম্মন্য’ বললেন নাসতাসে, ‘তারা যদি এ ব্যাপারে হীনম্মন্যতা দেখায়, আমার করার কিছুই নেই।’ রয়টার্স।