নাদাল কি তবে 'শেষ'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদাল, এবার প্রথম রাউন্ডেই বিদায়! ছবি: এএফপি
নাদাল, এবার প্রথম রাউন্ডেই বিদায়! ছবি: এএফপি

বেশ ঝোড়ো গতিতেই এগিয়ে যাচ্ছিলেন। নামের পাশে ১৪টি গ্র্যান্ড স্লাম লিখিয়েও ফেললেন, এক সময় যেটিই ছিল বিশ্ব রেকর্ড। পিট সাম্প্রাসের যে রেকর্ডটিকে ১৭-তে নিয়ে গেছেন রজার ফেদেরার। ফেদেরারের ফুরিয়ে আসা রাফায়েল নাদালকে হয়তো আশাবাদী করছিল সেই শীর্ষ শিখর ছোঁয়ার; কিন্তু উল্টো নাদালই যে এখন ফুরিয়ে যেতে বসেছেন!
এই অস্ট্রেলিয়ান ওপেনকেই দেখা হচ্ছিল নাদালের গ্র্যান্ড স্লাম শিরোপার প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসার টুর্নামেন্ট হিসেবে। এটি হতে পারত গত বছর চারটি গ্র্যান্ড স্লামেই হতাশা মুছে ফেলার টুর্নামেন্ট। হলো না। স্বদেশি ফার্নান্দো ভার্দাস্কোর কাছে আজ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন। ৪ ঘণ্টা ৪০ মিনিটের ম্যারাথন ম্যাচের পর ভার্দাস্কো জিতলেন ৭-৬ (৮-৬), ৪-৬, ৩-৬, ৭-৬ (৪-৭), ৬-২ গেমে। নাদাল প্র​থম রাউন্ডে বাদ! এ বিরাট বিস্ময়ের। পুরো ক্যারিয়ারে এর আগে একবারই টুর্নামেন্টের শুরুতেই বাদ পড়ার অভিজ্ঞতা হয়েছিল ২০ বার গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা নাদালের। ২০১৩ সালের উইম্বলডনে।
অথচ একটা সময় মনে হচ্ছিল, কত সহজেই না ম্যাচটা জিততে যাচ্ছেন নাদাল। প্রথম তিন সেটের মধ্যে দুটিই জিতেছিলেন। চতুর্থ সেটেও একটা সময় এগিয়ে ছিলেন ৫-২ গেমে। আর একটা গেম জিতলেই পরের রাউন্ড। কিন্তু সেখান থেকেই হার্ড-হিটিং টেনিসের দুর্দান্ত প্রদর্শনী দেখিয়ে ম্যাচটা জিতে নিলেন ভার্দাস্কো। পুরো ম্যাচে মোট ৯০টি উইনার মেরেছেন এই ৪৫ নম্বর বাছাই, যেখানে নাদাল মেরেছেন মাত্র ৩৭টি!
ভার্দাস্কোর কথাই বুঝিয়ে দিচ্ছিল, কতটুকু শক্তি শুষে নিয়েছে এই ‘স্প্যানিশ বুল ফাইট’। ম্যাচ শেষে যখন ধারাভাষ্যকারের সামনে দাঁড়ালেন, তখন হাতে ছিল একটি কলা। সেটি খেতে খেতেই বললেন, ‘প্লিজ আমি খেয়ে নিই। না হলে মারা যাব।’ সবাই যখন তাঁর এই কথা শুনে হাসছিলেন, তখন শোনালেন জয়ের গল্প। অবিশ্বাস চোখে মুখে নিয়েই এই ৩২ বছর বয়সী বললেন, ‘পঞ্চম সেটটায় আমি অবিশ্বাস্য খেলেছি। জানি না কীভাবে কী করেছি। শুধু চোখ বন্ধ করেছি, আর সবকিছু ঠিকঠাক হয়ে গেল।’

একই দিন আরও এক বড় তারকার পতন হয়েছে। হেরে গেছেন ভেনাস উইলিয়ামসও। তবে নাদালের বিদায় যেন শোকসংবাদ হয়ে এসেছে তাঁর ভক্তদের কাছে। চোট বারবার ভোগাচ্ছিল। আগের সেই ঝাঁজ হারিয়ে ফেলছিলেন। গত বছর প্রথম দুটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে গেলেও শেষ দুটিতে বিদায় নিয়েছেন দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে। কিন্তু গত বছর সমাপক টুর্নামেন্ট ট্যুর ফাইনালসে দুর্দান্ত খেলে ফিরে আসার আভাস দিচ্ছিলেন। ২০১৬-এর শুরুটা যেভাবে হলো, তাতে আবারও এই প্রশ্ন উঠে গেল, নাদাল কি তবে শেষ? ‘১৪’ সংখ্যাটি কি আর কখনোই ‘১৫’ হবে না! বিবিসি।