নাদাল-জোকোভিচ শেষ আটেই!

ফাইনাল অথবা সেমিফাইনাল। গ্র্যান্ড স্লামে রাফায়েল নাদাল-নোভাক জোকোভিচের লড়াই দেখতে সাধারণত একটু বেশিই অপেক্ষা করতে হয় টেনিস-ভক্তদের। গত আট বছরে যেকোনো গ্র্যান্ড স্লামে শেষ চারের আগে দেখা হয়নি টেনিসের দুই মহাতারকার। এবার ফ্রেঞ্চ ওপেনে অবশ্য নাদাল-জোকোভিচের মহারণ দেখতে অতটা সময় অপেক্ষা করতে হবে না। কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে দুজনের।
কাল প্যারিসে হওয়া ড্র-ই নিশ্চিত করে দিল গতবারের দুই ফাইনালিস্টের একজন ঝরে পড়বেন সেমিফাইনালের আগেই। দায়টা অবশ্য রাফায়েল নাদালের। হঠাৎই ফর্ম হারিয়ে ফেলা ক্লে কোর্টের রাজা এটিপি র্যা ঙ্কিংয়ে নেমে গেছেন সাতে। রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন অবশ্য ফ্রেঞ্চ ওপেন শুরু করছেন ষষ্ঠ বাছাই হিসেবে। নাদাল ষষ্ঠ বাছাই হয়েছেন বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় কানাডার মিলোস রাওনিচ চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায়।
শুধু শীর্ষ বাছাই জোকোভিচই নন, ড্রয়ে নাদালের অর্ধে পড়েছেন তৃতীয় বাছাই অ্যান্ডি মারে, দশম বাছাই গ্রিগর দিমিত্রভরাও। সন্দেহ নেই যে ড্রটা কঠিন। তবে নাদালের জন্য এ আর নতুন কী! ২০১১ ও ২০১৩ সালের পর গত ফ্রেঞ্চ ওপেনও এই স্প্যানিশ জিতেছেন শীর্ষ দশের তিনজনকে হারিয়েই। রোলাঁ গাঁরোয় তাঁর রেকর্ডটাও চোখ কচলানোর মতো, ৬৬-১। একমাত্র হারটি সেই ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে।
কিন্তু সাম্প্রতিক ফর্মটাই ভাবাচ্ছে নাদালকে। প্যারিসে আসার আগে এই মৌসুমে লাল দুর্গের রাজা ক্লে কোর্টেই হেরেছেন পাঁচবার। তবে নাদাল প্রিয় ফ্রেঞ্চ ওপেন দিয়েই ঘুরে দাঁড়াতে চান, ‘এ রকম (ফর্ম) আগে কখনো হয়নি। ড্রটাও কঠিন হয়েছে, তবে আমি আবার লড়াই করতে প্রস্তুত।’ নাদাল দশম ফ্রেঞ্চ ওপেন জয়ের অভিযান শুরু করবেন অবাছাই ফরাসি কোয়েন্টিন হেলিসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
মেয়েদের বিভাগে ১৯ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের সঙ্গে তৃতীয় রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে সাবেক এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কার। রয়টার্স।