নাদাল বলছেন 'অবিশ্বাস্য'
সপ্তাহখানেক আগেই তাঁর র্যাঙ্কিং-শীর্ষে ওঠাটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এই হিসাবে গতকাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তাঁর এক নম্বর হওয়া কোনো চমক নয়। তবু রাফায়েল নাদালের কাছে এটা ‘অবিশ্বাস্য’ ব্যাপার। চতুর্থবারের মতো র্যাঙ্কিং-শীর্ষে উঠে আসার পর স্প্যানিশ টেনিস তারকার প্রতিক্রিয়া, ‘গত দুই বছর যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে, তাতে এক নম্বর হওয়াটা অবিশ্বাস্য।’
সত্যিই কঠিন সময় পার করতে হয়েছে নাদালকে। চোট আর বাজে ফর্ম মিলিয়ে কোর্টে নাদালকে মনে হচ্ছিল ‘নাদালের ছায়া’। ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের বাইরে চলে গিয়েছিলেন। পেশাদার টেনিসে পা রাখার পর প্রথমবারের মতো টানা দুই বছর (২০১৫ ও ২০১৬) গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি। সেই অবস্থা থেকে আবার র্যাঙ্কিং-শীর্ষে ফিরতে পারাটা তো স্বপ্ন সত্যি হওয়ার মতোই!
সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালে উঠে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আগেই পতন ঠেকিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। মেয়েদের র্যাঙ্কিংয়ে তাঁর পরে আছেন সিমোনা হালেপ। এএফপি।