নাদাল-মারের বিদায়

আগের দিন হেরে গিয়েছিলেন রাফায়েল নাদাল। এরপর কাল হারলেন অ্যান্ডি মারেও। সাংহাই রোলেক্স মাস্টার্সে অঘটন চোখ রাঙিয়েছিল নোভাক জোকোভিচের দিকেও। কাল তৃতীয় রাউন্ডে বিশ্বের ৮৫ নম্বর খেলোয়াড় কাজাখস্তানের মিখাইল কুকুশকিন ভালোই বেগ দিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে। জোকোভিচ ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে জিতে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ পঞ্চম বাছাই ও মারে-ঘাতক ডেভিড ফেরার। একাদশ বাছাই মারেকে ২-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন এই স্প্যানিশ খেলোয়াড়।
তবে কাল স্পেনের রবার্তো বাউতিস্তাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সহজেই শেষ আটে উঠে গেছেন রজার ফেদেরার। পরশু দ্বিতীয় রাউন্ডে নাদাল হেরেছেন স্বদেশি ফেলিসিয়ানো লোপেজের কাছে ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভোগা স্প্যানিশ তারকা খেলেছেন অ্যান্টিবায়োটিক নিয়ে। বছরের শেষ দিকেই অস্ত্রোপচারের টেবিলে ওঠার কথা নাদালের। এএফপি।